ন্যাম ভবনে আ.লীগ সাংসদের বাসায় চুরি

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসংলগ্ন ন্যাম ভবনে পিরোজপুর-২ আসনের সরকারদলীয় সাংসদ শাহ আলমের ফ্ল্যাটে চুরি হয়েছে। পাঁচ লাখ টাকা, সাত ভরি স্বর্ণালংকার ও একটি মুঠোফোন চুরি হওয়ার অভিযোগ করেছেন সাংসদ।
পুলিশের ধারণা, ১০ অক্টোবর থেকে গতকাল রোববার গভীর রাতের যেকোনো সময় চুরির ঘটনাটি ঘটেছে।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন প্রথম আলো ডটকমকে জানান, কোরবানির ঈদ পালনের উদ্দেশে ১০ অক্টোবর সপরিবারে গ্রামের বাড়িতে যান সাংসদ। আজ সকালে ঢাকা ফিরে তাঁর নামে বরাদ্দ করা ন্যাম ভবনের ৬০৩ নম্বর ফ্ল্যাটটির দরজা ভাঙা দেখেন তিনি। ভেতরে ঢুকে দেখেন আলমারির তালা ভাঙা। মেঝেতে ছড়িয়ে আছে কাপড়। মালপত্র তছনছ করা। পরে তিনি দেখতে পান, বাসার আলমারির ভেতরে থাকা পাঁচ লাখ টাকা, সাত ভরি স্বর্ণালংকার ও একটি মুঠোফোন নেই। এ ব্যাপারে শেরে বাংলা নগর থানায় চুরির মামলা হয়েছে। চুরি হওয়া টাকা ও মালামাল উদ্ধার এবং দায়ীদের গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে।