ন্যাম ভবনের নিরাপত্তা বৃদ্ধির দাবি সাংসদদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ ভবনের উল্টোদিকে মানিক মিয়া অ্যাভিনিউ-সংলগ্ন ন্যাম ভবনের নিরাপত্তা বাড়ানোর দাবি করেছেন সাংসদেরা। গাইবান্ধা-১ আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যার পর সাংসদেরা এই দাবি জানান।
এর পরিপ্রেক্ষিতে সাংসদ ও তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তায় ন্যাম ভবনসহ আশপাশের এলাকায় উচ্চক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা বসানোর সুপারিশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এরপর সিসি ক্যামেরা লাগানোর জন্য পৌনে ২ কোটি টাকার একটি প্রস্তাবও পাঠিয়েছে গণপূর্ত অধিদপ্তর।
বিষয়টি নিয়ে জানতে চাইলে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, সংসদীয় কমিটির সুপারিশ অনুসারে ক্যামেরা ক্রয় ও এগুলো বসানোর জন্য আনুমানিক একটা হিসাব সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে। এটি অনুমোদন হলেই কাজ শুরু হবে।
গত বছরের ৩১ ডিসেম্বর সাংসদ লিটন গাইবান্ধায় নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এই ঘটনার পর গত ৮ জানুয়ারি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে ন্যাম ভবনে বসবাসরত সাংসদদের নিরাপত্তার বিষয়টি আলোচনায় আসে।
বৈঠক সূত্রে জানা গেছে, সাংসদ লিটন হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সংসদীয় কমিটির সভাপতি দবিরুল ইসলাম ন্যাম ভবনের প্রতিটি অ্যাপার্টমেন্টে সিসি ক্যামেরা স্থাপন ও তা নিয়মিত পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ন্যাম ভবন বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা। সংসদ সদস্যদের নির্বাচনী এলাকা থেকে প্রতিদিন প্রচুর মানুষ এখানে তাঁদের সঙ্গে দেখা করতে আসেন। কিন্তু ভবনের অ্যাপার্টমেন্টগুলো এখনো সিসি ক্যামেরার আওতায় আনা হয়নি।
কমিটির সদস্য সাংসদ নূরজাহান বেগম ন্যাম ভবনের নিরাপত্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, সাংসদ লিটন হত্যাকাণ্ডের পর ন্যাম ভবনের নিরাপত্তা জোরদার করার বিষয়টি সময়ের দাবি। একই মত ব্যক্ত করেন সাংসদ নূর-ই-হাসনা ও সাধন চন্দ্র মজুমদার।
সভায় উপস্থিত গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বিষয়টির সঙ্গে সহমত পোষণ করেন। তিনি সংসদ সদস্যদের নিরাপত্তার পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদেরও নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন।
ওই সভার পর কমিটির সুপারিশ অনুসারে গণপূর্ত অধিদপ্তর ন্যাম ভবনের ছয়টি অ্যাপার্টমেন্ট ও এর চত্বর, ভবনের বেষ্টনী প্রাচীর এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ের কিছু অংশে ১৪৬টি ক্যামেরা বসানোর জন্য প্রায় ১ কোটি ৭০ লাখ টাকার একটা প্রাক্কলন ব্যয় অনুমোদনের জন্য সংসদ সচিবালয়ে পাঠায়। ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কমিটির পরবর্তী বৈঠকে এটি উপস্থাপন করা হয়।
গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, ন্যাম ভবনের ছয়টি অ্যাপার্টমেন্ট ও ভেতরে বসানোর জন্য ১২০টি ক্যামেরার দাম ধরা হয়েছে ১ কোটি ৪৭ লাখ টাকা। অর্থাৎ একেকটি ক্যামেরার দাম পড়বে প্রায় সাড়ে ৭ লাখ টাকা। আর ভবনের প্রবেশপথসহ বেষ্টনী প্রাচীর ও মূল প্রবেশপথের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ-সংলগ্ন সড়কের জন্য ২৬টি ক্যামেরার দাম ধরা হয়েছে ২০ লাখ ৭০ হাজার টাকা।