ন্যাম সম্মেলনে বৈঠক করবেন হাসিনা ও মনমোহন
ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠেয় জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সম্মেলনের পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এক বৈঠকে মিলিত হবেন। গতকাল ভারতের পররাষ্ট্রসচিব নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। খবর বাসসের।আজ রোববার থেকে ছয় দিনব্যাপী ন্যাম সম্মেলন শুরু হচ্ছে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ভারত সফর এবং বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার আসন্ন ভারত সফরের পরিপ্রেক্ষিতে ন্যাম সম্মেলনকে কেন্দ্র করে শেখ হাসিনা এবং মনমোহন সিংয়ের বৈঠককে রাজনৈতিক মহল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে।এ ছাড়া বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ভারত তিস্তা চুক্তি স্বাক্ষর এবং ‘ল্যান্ডবাউন্ডারি এগ্রিমেন্ট’ বাস্তবায়নে নতুন উদ্যোগ নিয়েছে। ল্যান্ডবাউন্ডারি এগ্রিমেন্ট বাস্তবায়নের লক্ষ্যে আগামী লোকসভার অধিবেশনে সংবিধান সংশোধনী বিল উত্থাপিত হতে পারে। তিস্তা চুক্তি স্বাক্ষরের ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা পশ্চিমবঙ্গে যাবেন।