ন্যাম সম্মেলনে যোগ দিতে আজ ইরান যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানে জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৬তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার চার দিনের সফরে তেহরান যাচ্ছেন। ১২০টি দেশের এই জোটের শীর্ষ সম্মেলন ৩০ ও ৩১ আগস্ট তেহরানের ওআইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। খবর বাসসের।প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি উড়োজাহাজ (বিজি-১০৪৭) সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। ওই দিনই তাঁরা তেহরান পৌঁছাবেন। সফরকালে প্রধানমন্ত্রী তেহরানের পার্সিয়ান ইস্তেঘালাল আন্তর্জাতিক হোটেলে অবস্থান করবেন।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হয়, প্রধানমন্ত্রী ৪৮ সদস্যের দলের নেতৃত্ব দেবেন। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়া উদ্দিন, প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রমুখ। প্রধানমন্ত্রী কাল বৃহস্পতিবার সম্মেলনের মূল অধিবেশনে ভাষণ দেবেন।