ন্যাম সম্মেলনে যোগ দিতে বুধবার ইরান যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৬তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী বুধবার তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তেহরানের ওআইসি কনভেনশন সেন্টারে ৩০ ও ৩১ আগস্ট দুই দিনব্যাপী ১২০টি দেশের এই জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। খবর বাসসের।প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ বিমান বুধবার সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। বিমানটি একই দিন বেলা আড়াইটায় (ইরানের সময়) তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।প্রধানমন্ত্রী ইরান সফরকালে তেহরানের শিমিরান এলাকার (উত্তর) সা’দাবাদ প্রাসাদে অবস্থান করবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী ভারত, ইরান, শ্রীলঙ্কা, নেপাল, তুর্কমেনিস্তানসহ অনেক দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তিনি ১ সেপ্টেম্বর দেশে ফিরবেন।তেহরান সম্মেলনে মিসরের কাছ থেকে ইরান পরবর্তী তিন বছরের জন্য জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্বের দায়িত্ব নেবে।