খুলনার কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন নেই দীর্ঘদিন
ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা
খুলনার প্রতিষ্ঠিত কলেজগুলোতে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় রাজনীতিবিদদের অনীহার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে প্রায় এক দশক ধরে কলেজের সাধারণ শিক্ষার্থীরা ন্যায্য অধিকার বিনোদন, খেলাধুলা, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানাদি থেকে বঞ্চিত হচ্ছেন।
অনুসন্ধানে জানা গেছে, খুলনা নগরের দৌলতপুর এলাকার সরকারি ব্রজলাল (বিএল) কলেজে উচ্চ মাধ্যমিক, সম্মান, মাস্টার্স শ্রেণির শিক্ষার্থী প্রায় ২৫ হাজার। এক সময়ে এ কলেজকে ঘিরেই আবর্তিত হতো খুলনার রাজনীতি। কলেজ ছাত্র সংসদের অনেক সাবেক নেতাই জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অথচ ২২ বছর ধরে এ কলেজের ছাত্র সংসদ নির্বাচন হয় না। ১৯৯১ সালে ছাত্র সংসদের নির্বাচিত জিএস শিবির নেতা মুন্সি আ. হালিমের হত্যাকাণ্ডের পর কলেজ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি অঘোষিতভাবে বন্ধ হয়। পরে শর্তসাপেক্ষে রাজনীতি শুরু হলেও ২২ বছরেও ওই কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি।
জানা যায়, বাণিজ্য বিভাগে দেশের অন্যতম সেরা আযমখান সরকারি কলেজের ছাত্র সংসদের নির্বাচন হয় না নয় বছর। ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষের ছাত্র সংসদ নির্বাচনে তৌহিদ, আরিফ, রায়হান পরিষদ ছিল সর্বশেষ। সেই থেকে আট বছর ধরে নেই ছাত্র প্রতিনিধিত্বকারী ছাত্র সংসদ। একাদশ শ্রেণি থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত এ কলেজের শিক্ষার্থীর সংখ্যা চার হাজারের বেশি।
সরকারি মহিলা কলেজের ছাত্র সংসদ নির্বাচন হয় ২০০১ সালে। এ কলেজে সর্বশেষ ছাত্র সংসদের দায়িত্ব পালন করে মিতা-লাভলী-তানিয়া পরিষদ। ২০০২ সালের শেষের দিকে সংসদের মেয়াদ শেষ হলে কমিটিও বিলুপ্ত হয়। সেই থেকে গত ১১ বছর কলেজে কোনো ছাত্র সংসদ নেই। নগরের সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে নির্বাচিত ছাত্র সংসদ নেই প্রায় তিন বছর। সর্বশেষ ২০০৯ সালের নির্বাচনে মহিন-মঞ্জুর-সোহেল পরিষদ দায়িত্ব পালন করে। একাদশ থেকে স্নাতক পর্যন্ত কলেজটির শিক্ষার্থীসংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। একই অবস্থা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের। এ কলেজেও তিন বছর ধরে নির্বাচন হচ্ছে না।
দৌলতপুর দিবা-নৈশ ডিগ্রি কলেজে সর্বশেষ ১৯৯২ সালে মহিউদ্দিন-হারুন ছাত্র সংসদের দায়িত্ব পালন করেন। ১১ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলার জন্য কেউ নেই এ ক্যাম্পাসে। খুলনার একমাত্র সরকারি পলিটেকনিক কলেজটির ছাত্র সংসদ নির্বাচন নেই গত সাত বছর।
তবে স্থানীয় ছাত্রনেতাদের অভিযোগ, ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার জন্য মূলত কলেজ কর্তৃপক্ষই দায়ী। কলেজের ছাত্রদের প্রতিনিধিত্ব থাকলে তাদেরই অসুবিধা বেশি। কেননা তারা কোনো অযৌক্তিক সিদ্ধান্ত শিক্ষার্থীদের ওপর চাপাতে পারবে না।
সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মহির আহম্মেদ বলেন, ‘ছাত্র সংসদ থাকলে ভর্তিবাণিজ্য বন্ধ হতো। আমরা যারা সাধারণ ছাত্র তারা হলে সিট পেতাম। এখন তো রাজনৈতিক দলের সাথে না থাকলে হলে সিট পাওয়া যায় না।’
সরকারি এম এম সিটি কলেজের সাবেক জিএস মশিউর রহমান বলেন, ‘ছাত্র সংসদ না থাকায় নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না। তৃণমূল থেকে নেতৃত্ব উঠে আসছে না।’
মহানগর ছাত্রলীগের সভাপতি দেব দুলাল বাড়ৈ বলেন, কলেজে নিয়মিত ছাত্র সংসদ না থাকায় নেতৃত্বের বিকাশ হচ্ছে না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিভিন্ন অজুহাতে নির্বাচন বন্ধ রেখেছে।
মহানগর ছাত্রদলের সভাপতি মো. আরিফুজ্জামান আরিফ বলেন, কলেজগুলোতে ছাত্র সংসদ না থাকায় মেধাভিত্তিক রাজনৈতিক চর্চা হচ্ছে না। সরকারি দলের ছাত্রসংগঠন অনেকটাই গায়ের জোরে ক্যাম্পাস দখল করে রেখেছে।
বিপ্লবী ছাত্র মৈত্রীর জেলা সভাপতি জিতেন্দ্র চৌধুরী বলেন, ছাত্ররাজনীতিতে নীতি-আদর্শের জলাঞ্জলি দেওয়া হচ্ছে। কলেজ সংসদ নির্বাচনগুলো থাকলে সাধারণ শিক্ষার্থীরা পরোক্ষভাবে হলেও রাজনীতিতে অংশ নিতে পারত। দখলদারি, হানাহানি কিছুটা হলেও কমানো যেত।
বিএল কলেজের উপাধ্যক্ষ দর্প নারায়ণ সাহা বলেন, ‘দেশের সার্বিক আইনশৃঙ্খলা চিন্তা করে নির্বাচন হচ্ছে না। তবে সব দল যদি চায় তাহলে আমরা ভেবে দেখব। এ ছাড়া ছাত্রসংগঠনগুলোর নিজেদের নেতৃত্বসংকট রয়েছে। তবে তারা চাইলে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ছাত্র সংসদ হতে পারে।’