মাগুরা, রাজবাড়ী, চুয়াডাঙ্গা ও যশোরে গতকাল সোমবার শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনে জাতীয় পাট দিবস-২০১৭ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘সোনালি আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’।
প্রথমবারের মতো পালিত এ কর্মসূচির আয়োজনে ছিল সংশ্লিষ্ট জেলার প্রশাসন ও পাট অধিদপ্তর। শোভাযাত্রায় সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়াও পাট চাষ ও পাট পণ্যের সঙ্গে জড়িত লোকজন অংশ নেন। অংশগ্রহণকারীরা পাটচাষিদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা ও পাটের ন্যায্য দাম দেওয়ার দাবি জানান। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
সকালে মাগুরার মহম্মদপুর উপজেলা শহরে শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম। আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাহেরা জেসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পাট অধিদপ্তরের উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. নুরে আলম সাঈম।
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সকালে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিনাত আরা। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজাদ রহমান প্রমুখ।
চুয়াডাঙ্গায় সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শহর প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি একই স্থানে এসে শেষ হয়। পরে কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবপ্রসাদ পাল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। স্বাগত বক্তব্য দেন পাট অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের কর্মকর্তা সৈয়দ আলাউদ্দিন। বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার উপপরিচালক নির্মল কুমার দে, জেলা খাদ্য কর্মকর্তা আবদুল ওয়াহেদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।
অভয়নগর উপজেলার রাজঘাটে রাষ্ট্রায়ত্ত পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজ (জেজেআই) ও কার্পেটিং জুট মিলসের কর্মকর্তা-কর্মচারীরা গতকাল সকালে শোভাযাত্রা বের করেন। পৃথক এ কর্মসূচিতে যশোর জুট ইন্ডাস্ট্রিজের প্রকল্প প্রধান আহসান কবীর, শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আহসানউল্লাহ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মল্লিক এবং কার্পেটিং জুট মিলসের প্রকল্প প্রধান আমিনুল ইসলাম, শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল ওহাব মোল্যা প্রমুখ অংশ নেন।
সপ্তাহব্যাপী পাট মেলা
যশোর জুট ইন্ডাস্ট্রিজে গতকাল থেকে সাত দিনব্যাপী পাট মেলা শুরু হয়েছে। বিকেল পাঁচটায় পাটকলটির শিশুপার্কে মেলার উদ্বোধন করেন কর্মকর্তা আহসান কবীর। মেলায় পাটজাত পণ্যের ১৫টি স্টল বসেছে।