পুরোপুরি মৌসুম শুরু হওয়ার আগেই আলুর দাম পড়ে যাওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরাঞ্চলের চাষিরা ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন।
জানা যায়, উপজেলার চারদিকে মেঘনা নদীবেষ্টিত শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা ও চরকিশোরগঞ্জ এলাকায় প্রতিবছরের মতো এবারও প্রায় দুই হাজার বিঘা জমিতে আলুর চাষ করেছেন কৃষকেরা। হাতে গোনা কয়েকটি জমি থেকে আলু তোলা হয়েছে। কৃষকেরা জানান, এক মাস পর এ এলাকার কৃষকেরা পুরোদমে জমি থেকে আলু তুলে বিভিন্ন হিমাগার ও বাজারে বিক্রি করবেন।
গতকাল বুধবার সকালে চরহোগলা ও চরকিশোরগঞ্জ গ্রামে গিয়ে দেখা যায়, কৃষকেরা জমির পরিচর্যায় ব্যস্ত। চরহোগলা গ্রামের কৃষক আবদুল্লাহ মিয়া ও নয়ন হোসেন বলেন, স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়ে তাঁরা ১০ বিঘা জমিতে আলুর চাষ করেছেন। আলু ওঠার আগেই যেভাবে দাম পড়ে গেছে তাতে যে পরিমাণ লোকসান হবে তা সামাল দেওয়া তাঁদের পক্ষে সম্ভব হবে না।
চরকিশোরগঞ্জ গ্রামের কৃষক জাহেদ আলী, নুরা মিয়া ও আবদুল বাসেত বলেন, এ বছর আলুর মৌসুম শুরু হওয়ার আগেই যেভাবে দাম পড়ে গেছে তাতে এখনই তাঁদের লোকসান গুনতে হচ্ছে। আর এভাবে লোকসান দিয়ে তাঁদের পক্ষে টিকে থাকা সম্ভব নয়। তাই পরেরবার তাঁরা আলুর অাবাদ করবেন না বলে জানিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আশেক পারভেজ বলেন, ‘সোনারগাঁয়ের এ এলাকাটি উপজেলার কৃষিভান্ডার হিসেবে পরিচিত। ওই এলাকার কৃষকদের আলুর চাষে আমরা সর্বাত্মক সহযোগিতা করে আসছি। এ বছর আলুর ফলনও ভালো হয়েছে। কিন্তু ন্যায্য দাম না পেলে কৃষকেরা আলুর চাষে আগ্রহ হারিয়ে ফেলবে।’