ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক লাভ ফড়িয়া-মজুদদারদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু না হওয়ায় ঠাকুরগাঁওয়ের মজুদদারেরা ফড়িয়াদের মাধ্যমে কম দামে ধান কিনে পরবর্তী সময়ে সরকারঘোষিত দরে বিক্রির আশায় গুদামজাত করছেন। মজুদদারেরা মুঠোফোনের মাধ্যমে ফড়িয়াদের সঙ্গে আলোচনা করে ধানের দর নিয়ন্ত্রণ করছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, এতে নিজের শ্রম ও পুঁজি খাটিয়ে কৃষকেরা ফসলের ন্যায্য দাম না পেলেও ফড়িয়া-মজুদদারেরা সরকারের সুযোগ-সুবিধা পেয়ে যাচ্ছেন ঠিকই।ঠাকুরগাঁও কৃষি বিভাগ সূত্রমতে, জেলায় ৬৩ হাজার ৮২৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ৭০ হাজার ৪৫০ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ৫৩ হাজার ৬৬৫ টন। চলতি মৌসুমে জেলায় বোরোর বাম্পার ফলন হলেও অন্যান্য বছরের তুলনায় এবার স্থানীয় হাটবাজারে ধানের বাজারদর অনেক কম।গত শনি থেকে মঙ্গলবার সদর উপজেলার খোঁচাবাড়ী, ভূল্লি, গড়েয়া, চৌধুরীহাট ও রামনাথহাট ঘুরে দেখা গেছে, প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫৫০ টাকায়। অথচ গত বোরো মৌসুমে সরকারনির্ধারিত দাম ছিল প্রতি মণ ৬৮০ টাকা। উৎপাদন ব্যয় ও বাজারদর বিশ্লেষণ করে দেখা গেছে, সরকারি হিসাব অনুযায়ী এক একর জমিতে ধান উৎপাদন করতে খরচ পড়ে ৪৭ হাজার ৩৩ টাকা। একরপ্রতি সর্বোচ্চ ৭৫ মণ ধান উৎপন্ন হলে প্রতি মণ ধানের দাম পড়ে ৬২৭ টাকা। অথচ বর্তমানে বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫৫০ টাকায়। এ মৌসুমে গত বছরের সরকারনির্ধারিত দামেও ধান বিক্রি করতে পারলে কৃষকের প্রায় প্রতি মণে ৬০ টাকা লাভ হতো।খোঁচাবাড়ীহাটে ধান বিক্রি করতে এসে জগন্নাথপুর গ্রামের কৃষক রামনাথ বর্মণ বলেন, সরকার গত মে মাসের শুরুতে খোলাবাজারে ধান-চাল কেনা শুরু করলে মজুদদারেরা মুঠেফোনে দর নিয়ন্ত্রণ করতে পারতেন না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখন অবস্থা এমন হয়েছে, ফড়িয়ারা যদি ধানের দাম ৩০০ টাকা মণ বলেন, তা-ও আমাদের বিক্রি করা ছাড়া উপায় নেই।’ রামনাথহাটে ঘনিমহেশপুরের কৃষক আবদুুর রশিদ বলেন, ‘বর্গা নেওয়া তিন বিঘা জমিতে ঋণের টাকায় বোরো আবাদ করেছি। ফলনও ভালো হয়েছে। এখন বাজারে ধান বিক্রি করতে গিয়ে দেখা যাচ্ছে, ধানের উৎপাদনের খরচ উঠছে না।’গত শনিবার সকালে খোঁচাবাড়ীহাটে এক মজুদদারের পক্ষে ধান কিনছিলেন কৈলাশ চন্দ্র নামের এক ফড়িয়া। তিনি মুঠোফোনে সব সময় যোগাযোগ রাখছিলেন অন্য হাটের ফড়িয়াদের সঙ্গে। তিনি বলেন, নাটোরের এক মহাজন তাঁকেসহ ১০ জন ফড়িয়াকে ঠিক করেছেন হাটে হাটে গিয়ে তাঁদের বেঁধে দেওয়া দরে ধান কেনার জন্য। কৃষকের কাছ থেকে কিনে নেওয়া এসব ধান এখন মজুদ করে রাখা হবে। পরে দাম বাড়লে তা চাল করে বাজারে ছাড়া হবে। অন্য বাজারের পরিস্থিতি জানাতে তাই মহাজনের সঙ্গে বারবার যোগাযোগ করতে হচ্ছে।বাংলাদেশ কৃষক সমিতি ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, দরিদ্র কৃষকেরা ধান বিক্রি করে ঋণের টাকা শোধ করেন। তাই তাঁদের পক্ষে ধান মজুদ রাখা সম্ভব নয়। এদিকে সরকার মজুদদারদের লাভবান করতে সামান্য কিছু ধান নিয়ে পুরোটাই চাল নেয়। ফলে ফড়িয়ারাই ধান-চাল সংগ্রহ অভিযানে লাভবান হয়ে আসছেন।ঠাকুরগাঁও সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান আবদুর রহমান বলেন, সরকার যদি মৌসুমের শুরুতেই ধান-চাল সংগ্রহ অভিযানে নামে, তাহলে ফড়িয়া ও মজুদদারদের তৎপরতা কমে আসবে। কারণ, প্রান্তিক কৃষকেরা মৌসুমের শুরুতেই ধান বিক্রি করে দেন। আর ফড়িয়া ও মজুদদারেরা সেই সুযোগে লাভবান হন। এ মৌসুমে ভালো দাম না পেলে আমনের ওপর এর প্রভাব পড়বে; কৃষক আমন চাষে আগ্রহ হারিয়ে ফেলবে।