ন্যায্য পানির দাবিতে সীমান্তে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সঙ্গে ফেনী নদীর পানি বণ্টন চুক্তিতে ন্যায্য পানি আদায়সহ চার দফা দাবিতে গতকাল সোমবার চট্টগ্রাম মিরসরাই উপজেলার আমলীঘাট সীমান্তে মানববন্ধন হয়েছে।মিরসরাই পানিসম্পদ ব্যবস্থাপনা ফোরামের উদ্যোগে উপজেলার করেরহাট ইউনিয়নের ভারত সীমান্তবর্তী আমলীঘাট এলাকার বাসিন্দারা এই মানববন্ধন করে।মানববন্ধনে ফেনী নদীর পানির ন্যায্য হিস্যা, পানি বণ্টন চুক্তিতে বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত রাখা, ফেনী নদীর অববাহিকা অঞ্চলকে রক্ষা করা এবং পানি চুক্তির বিস্তারিত জনগণকে জানানোর দাবি উত্থাপন করা হয়।এ সময় বক্তব্য দেন মিরসরাই পানিসম্পদ ব্যবস্থাপনা ফোরামের সভাপতি জামশেদ আলম, করেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ইতিহাসবিদ আহমদ মমতাজ, সাবেক অধ্যক্ষ কবির আহম্মদ, সুবাস সরকার প্রমুখ। একই দাবিতে পানিসম্পদ ব্যবস্থাপনা ফোরামের নেতারা গতকাল মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন। ইউএনওর পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করার সত্যতা নিশ্চিত করেন।জামশেদ আলম বলেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে, তার মধ্যে অন্যতম ফেনী নদীর পানি বণ্টন চুক্তি। দলমত-নির্বিশেষে এলাকার সব স্তরের মানুষের একটাই প্রশ্ন—চুক্তিতে কী আছে। আমলীঘাট সীমান্তের শত কিলোমিটারেরও বেশি পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্যের পর্বতশ্রেণীতে উৎ পন্ন দীর্ঘ এ নদী দুই দেশকে বিভক্ত করেছে। উভয় দেশের ছোট-বড় খাল-ছড়া মিলিত হয়েছে এ নদীতে। এটি মিলেছে বঙ্গোপসাগরে। এই নদীর পানির ওপর নির্ভর করে জীবন-জীবিকা নির্বাহ করছে কয়েক লাখ মানুষ। ভারত এ নদীর ন্যায্য পানি না দিলে মুহুরী সেচ প্রকল্প ছাড়াও লাখো মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে।