ন্যায্য মজুরি না পেয়ে ক্ষোভ
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ‘ব্লুগোল্ড প্রকল্পের’ অধীনে রাস্তা মেরামতকাজে নিয়োজিত শ্রমিকদের মজুরি প্রদানে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কাজে নিয়োজিত ৬০ জন শ্রমিক তাঁদের ন্যায্য মজুরি না পেয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে বরগুনা জেলা প্রশাসক (ডিসি) মীর জহিরুল ইসলামের কাছে অভিযোগ করেন।
বরগুনা পাউবোর কর্মকর্তারা জানান, গুলিশাখালী ইউনিয়নে ৪৩/২এফ পোল্ডারের অধীনে পাঁচ হাজার ২৫০ ফুট বাঁধ মেরামতের জন্য সাত লাখ ৫৭ হাজার টাকা বরাদ্দ দেয় পাউবো। স্থানীয় পানি ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়িত হয়। মেরামতকাজের জন্য নারী ও পুরুষ মিলিয়ে ৬০ জন শ্রমিক নিয়োগ করা হয়। স্থানীয় পানি ব্যবস্থাপনা কমিটি ও পাউবোর কর্মকর্তারা কাজের তদারকির দায়িত্বে ছিলেন। প্রথম পর্যায়ে কাজ শেষে শ্রমিকদের এক লাখ ৭৯ হাজার টাকা মজুরি দেওয়া হয়। বাকি কাজ গত ৩০ জুন শেষ হয়।
শ্রমিকেরা অভিযোগ করেন, ৩০ জুন কাজ পুরো কাজ শেষ হওয়ার ১৬ দিন পার হলেও তাঁদের পাওনা মজুরির টাকা সংশ্লিষ্ট কমিটি ও পাউবোর কর্মকর্তারা পরিশোধ করেননি। গত বুধবার রাতে কাজের তদারকির দায়িত্বপ্রাপ্ত গুলিশাখালী পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি পান্নু মিয়া ও সাধারণ সম্পাদক আবদুল ওহাব মুন্সি ‘অফিস ম্যানেজের’ জন্য শতকরা ১৬ টাকা কেটে রেখে মজুরি দিতে চাইলে শ্রমিকেরা তা নিতে অস্বীকৃতি জানান এবং ক্ষোভে ফেটে পড়েন।
গতকাল দুপুরে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক এক মতবিনিময় সভায় যোগ দেন। সভা শেষে জেলা প্রশাসককে ঘিরে ধরেন শ্রমিকেরা। জেলা প্রশাসক শ্রমিকদের বক্তব্য শুনে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।
এ ব্যাপারে পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী গাজী নূর মোহাম্মদ বলেন, ‘শ্রমিকদের মজুরি থেকে অফিস খরচ বাবদ কোনো অর্থ কেটে রাখার বিষয়টি আমার জানা নেই। তবে ওই প্রকল্পের কাজ এখনো কাজ শেষ হয়নি।’
গুলিশাখালী পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ওহাব মুন্সি দাবি করেন, শ্রমিকদের কাছ থেকে টাকা কেটে রেখে রাখার কোনো কথা বলা হয়নি।