ন্যায্য মজুরি পাচ্ছেন না নারী শ্রমিকেরা
সরকার-ঘোষিত সর্বনিম্ন মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন খুলনার রূপসা শিল্পাঞ্চলের বিভিন্ন চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানায় কর্মরত প্রায় ২০ হাজার নারী শ্রমিক। তা ছাড়া অতিরিক্ত পারিশ্রমিক ছাড়াই নির্ধারিত আট ঘণ্টার বেশি কাজ করতে হচ্ছে এখানকার অধিকাংশ নারী শ্রমিককে।খুলনার রূপসা নদীর তীর ঘেঁষে দুই পাশেই গড়ে উঠেছে চিংড়ি প্রক্রিয়াজাতকরণের বেশ কিছু কারখানা। ওই এলাকায় গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সেখানে স্থায়ী-অস্থায়ী মিলে ২০ হাজারেরও বেশি নারী শ্রমিক কাজ করেন। সরকার শ্রমিকদের জন্য সর্বনিম্ন বেতন দুই হাজার ৬৪৫ টাকা নির্ধারণ করলেও তাঁদের অনেকেই এক হাজার ৮০০ থেকে দুই হাজার ২০০ টাক মজুরি পান। এর বিনিময়ে তাঁদের প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করতে হয়। তবে স্থায়ী শ্রমিকদের অনেকেই সরকার-ঘোষিত সর্বনিম্ন বেতন পেলেও ঠিকাদারদের মাধ্যমে নিয়োগ পাওয়া শ্রমিকেরা বেশির ভাগ ক্ষেত্রে এর চেয়ে কম মজুরি পান।শ্রম অধিদপ্তরের খুলনা কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৯ সালে সরকার-ঘোষিত রোয়েদাদ বোর্ড অনুযায়ী চিংড়িশিল্পের শ্রমিকদের সাতটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথম ধাপের শ্রমিকদের মূল বেতন সাড়ে তিন হাজার টাকা। সর্বনিম্ন অর্থাৎ সপ্তম ধাপের শ্রমিকদের মূল বেতন এক হাজার ৭০০ টাকা আর মোট বেতন দুই হাজার ৬৪৫ টাকা। এ ছাড়া আট ঘণ্টার বেশি সময়ের কাজের জন্য ভাতা, বছরে দুটি উৎসব ভাতা ও শ্রম আইন, ২০০৬-এর ২(১০) ধারা অনুযায়ী পারিতোষিক দেওয়ার বিধান রয়েছে। কিন্তু এসব নিয়ম এখানে মানা হচ্ছে না বলে শ্রমিকদের সূত্রে জানা গেছে।রূপসার বিভিন্ন কারখানার শ্রমিক রহিমা খাতুন, সালমা বেগম, ডালিয়া আক্তার, সুলতানা ইয়াসমিন জানান, তাঁরা সরকার-ঘোষিত বেতন বোর্ড রোয়েদাদ অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পান না; এমনকি প্রয়োজনীয় ছুটিও পান না। তাঁরা আরও জানান, পেটের দায়ে কাজ করেন। বড় কষ্টে তাঁদের দিন চলে। চাকরি চলে যাবে, সেই ভয়ে প্রতিবাদ করেন না।বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) দেওয়া তথ্য অনুযায়ী, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোরে চিংড়ি প্রক্রিয়াজতকরণ কারখানার সংখ্যা ৫৬টি। এর মধ্যে ৪০-৪৫টি চালু আছে। এসব কারখানায় মৌসুমে (এপ্রিল থেকে অক্টোবর) প্রায় ৩০ হাজার শ্রমিক কাজ করেন। রূপসা অঞ্চলের ৩০টি কারখানার শ্রমিক প্রায় ২৫ হাজার, এর মধ্যে ৭০ শতাংশই নারী।শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করেন খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব ফিরোজ আহমেদ। তিনি জানান, ‘সর্বনিম্ন গ্রেডে শ্রমিকদের বেতন দুই হাজার ৬৪৫ টাকা। এই গ্রেডে কোনো কোনো কারখানায় বেতন দেওয়া হলেও অধিকাংশ কারখানায়ই দেওয়া হয় না। তা ছাড়া, বাকি ছয়টি গ্রেডে শ্রমিকদের বেতন দেওয়ার বিধান মালিকেরা কার্যকর করেননি। তিনি আরও জানান, রূপসার বিভিন্ন চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানায় কর্মরত প্রায় ২০ হাজার নারী শ্রমিকের মধ্যে প্রায় পাঁচ হাজারই ঠিকাদারদের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া।বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিচালক ও আমাম সি ফুডসের ব্যবস্থাপনা পরিচালক এস হুমায়ুন কবির বেতনের ক্ষেত্রে এসব অসংগতির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, বেতন বোর্ড রোয়েদাদের সুপারিশের চেয়ে অনেক বেশি সুযোগ-সুবিধা ও বেতন-ভাতা খুলনার কারখানাগুলোর শ্রমিক-কর্মচারীরা আগে থেকেই পেয়ে আসছেন। বর্তমানে কোনো শ্রমিক তিন হাজার টাকার নিচে মজুরি পান না। আর আট ঘণ্টার বেশি কাজ করলে শ্রমিকদের বাড়তি সময়ের কাজের টাকা দেওয়া হয়। পাঁচ বছর আগে হয়তো এ ক্ষেত্রে সমস্যা ছিল, কিন্তু এখন তা নেই।