ন্যায্য মজুরির দাবিতে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার একটি কুটিরশিল্প কারখানার নারীশ্রমিকেরা কাজের ন্যায্য মজুরি নিশ্চিত ও হয়রানি বন্ধ করার দাবিতে গত শনিবার কর্মবিরতি পালন করেছেন। এ সময় তাঁরা রাস্তায় বিক্ষোভ মিছিল করেন। শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের জোবারপাড় গ্রামে জোবারপাড় এন্টারপ্রাইজ নামে একটি হস্ত ও কুটিরশিল্প কারখানা রয়েছে। ওই কারখানায় প্রায় দুই শতাধিক নারীশ্রমিক কাজ করেন। দীর্ঘ দিন ধরে কারখানার শ্রমিকেরা মজুরি বৃদ্ধি ও একজন ব্যবস্থাপকের দ্বারা হয়রানি বন্ধের জন্য দাবি জানিয়ে আসছেন। কর্তৃপক্ষ এতে কোনো ব্যবস্থা না নেওয়ায় গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকেরা কারখানার প্রধান ফটকে তালা লাগিয়ে দেন এবং আগৈলঝাড়া-পয়সারহাট সড়কে বিক্ষোভ মিছিল করেন। এ সময় নারীশ্রমিকেরা তাঁদের দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।