নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রে অস্থায়ী শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত কেন্দ্রের প্রশাসনিক ভবনের সামনে শতাধিক শ্রমিক এ কর্মসূচি পালন করেন।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যুৎকেন্দ্রের সিভিল ও ১ থেকে ৪ নম্বর ইউনিটে অস্থায়ীভাবে ১৫০ জন শ্রমিক দৈনিক ৩৩৫ টাকা হাজিরার চুক্তিতে কাজ করেন। কিন্তু তাঁদের মাথাপিছু দেওয়া হচ্ছে ১২০ টাকা। বাকি টাকা বিদ্যুৎকেন্দ্রের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে স্থানীয় ঠিকাদাররা ভাগ-বাঁটোয়ারা করে নিচ্ছেন। এর প্রতিবাদে গতকাল এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কেন্দ্রের ১ ও ২ নম্বর ইউনিটের সুপারভাইজার হোসেন আলী বলেন, ‘শ্রমিকদের ন্যায্য মজুরির জন্য ঠিকাদার ও কেন্দ্রের প্রধান প্রকৌশলীর কাছে আবেদন করেও কোনো কাজ হয়নি। কেন্দ্রের সিভিল ও ইউনিটগুলোতে পরিষ্কারের কাজে ১৫০ জন শ্রমিক নিয়মিত সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত শ্রম দিয়ে যাচ্ছেন। আমাদের জানামতে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে কেন্দ্রের কর্মকর্তারা প্রত্যেক শ্রমিকের দৈনিক হাজিরা বাবদ ৫০০ টাকা পাচ্ছেন। আর শ্রমিকদের দিচ্ছেন ১২০ টাকা করে।’
অভিযোগ অস্বীকার করে ১ থেকে ৪ নম্বর ইউনিটের ঠিকাদার মো. সাইফুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎকেন্দ্র দরপত্রের মাধ্যমে শ্রমিকদের মজুরি নির্ধারণ করে। এখানে ঠিকাদারদের কোনো হাত নেই। আমাদের পক্ষ থেকে মজুরি বাড়ানোর জন্য প্রধান প্রকৌশলীর কাছে আবেদন করা হয়েছে।’