ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার একটি পোশাক কারখানায় গতকাল বুধবার শ্রমিকেরা ন্যায্য মজুরির দাবিতে কর্মবিরতি পালন করেছেন।
শিল্প পুলিশ ও কারখানার শ্রমিক জানান, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার ৩০০ টাকা হলেও কালিয়াকৈরের মৌচাক এলাকার মণ্ডল গ্রুপের মনট্রিমস অ্যাকসেসরিজ লিমিটেড নামের একটি পোশাক কারখানায় চার হাজার ২০০ টাকা দেওয়া হচ্ছিল। এ নিয়ে কয়েক মাস ধরে ওই কারখানার শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। কর্তৃপক্ষের কাছে মজুরি বাড়ানোর দাবি জানালেও কোনো ফল মেলেনি। গতকাল সকালে শ্রমিকেরা কাজে যোগদানের পর সকাল ১০টা থেকে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকেরা ভেতর থেকে কারখানার মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় শ্রমিকেরা কারখানার কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করারও দাবি জানান।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ওই কারখানায় যায়। তবে শ্রমিকেরা তাদের ভেতরে ঢুকতে দেননি। পরে দুপুর দুইটার দিকে কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে শ্রমিকেরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক জাকির হোসেন বলেন, ন্যায্য মজুরি ও কারখানার কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করার দাবিতে শ্রমিকেরা কর্মবিরতিসহ মিছিল করেন। তবে পরিস্থিতি শান্ত হয়ে গেছে।