ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যায্য মজুরির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের নির্মাণাধীন চারটি বিদ্যুৎ প্রকল্প ও দ্বিতীয় রেলসেতু প্রকল্পের শ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন।
গতকাল সোমবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া-আশুগঞ্জ শ্রমিক সংগ্রাম ঐক্য পরিষদের ডাকে তাঁরা এই কর্মসূচি শুরু করেন।
গতকাল সকালে শ্রমিকেরা বিদ্যুৎ প্রকল্প ও রেলসেতুর নির্মাণকাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। মিছিলটি আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান ফটকের সামনে থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে স্থানীয় ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সমাবেশে সংগঠনের আহ্বায়ক নিজাম উদ্দিনের সভাপতিত্বে সংগঠনের সদস্যসচিব তানসেন মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, নৌযান শ্রমিক ফেডারেশন আশুগঞ্জের সভাপতি হাবিবুল্লাহ বাহার প্রমুখ বক্তব্য দেন।
ব্রাহ্মণবাড়িয়া-আশুগঞ্জ শ্রমিক সংগ্রাম ঐক্য পরিষদের আহ্বায়ক নিজাম উদ্দিন জানান, আশুগঞ্জে চলমান প্রায় পাঁচটি প্রকল্পে কয়েক হাজার দক্ষ ও অদক্ষ শ্রমিক কর্মরত আছেন। শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না। শ্রমিকের ন্যায্য মজুরি দ্রুত নিশ্চিত করা ও স্থানীয় সব প্রকল্পে শ্রমিকদের নিয়োগ না দেওয়া হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। এ সংগঠনের সঙ্গে জেলার ১১টি শ্রমিকসংগঠন একাত্মতা ঘোষণা করে। ন্যায্য মজুরির পরিমাণ তাঁরা পরে নির্ধারণ করবেন।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক নূরুল আলম জানান, বিষয়টি সুরাহার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ও শ্রমিকদের সঙ্গে আলোচনা হচ্ছে।