ন্যায্য রিকশা ভাড়া নির্ধারণের দাবি
রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বাজারদরের সঙ্গে সংগতিপূর্ণ ন্যায্য ভাড়া নির্ধারণ এবং সুবিধাজনক স্থানে রিকশার স্থায়ী স্ট্যান্ড স্থাপনের দাবি জানানো হয়েছে। গত রোববার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক সংঘের এক সভা থেকে রিকশাচালকেরা এসব দাবি জানান।
জেলা রিকশা শ্রমিক সংঘ সূত্রে জানা গেছে, শহরের চৌমোহনা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রিকশা শ্রমিক সংঘের সভাপতি সোহেল আহমেদ। রিকশা শ্রমিক নেতা মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সহসভাপতি মো. মোস্তফা কামাল, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্মা, রিকশা শ্রমিক সংঘের সহসভাপতি মো. শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক কিসমত মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রমজান আসার আগেই ডাল, তেল, লবণ, চিনি, পেঁয়াজ, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে। কিন্তু দ্রব্যমূল্যের সঙ্গে সংগতিপূর্ণ ন্যায্য ভাড়া না পাওয়ায় রিকশা শ্রমিকেরা কষ্টে আছেন। এক শ্রেণির যাত্রী জোর করে রিকশায় উঠে এক জায়গার কথা বলে অন্য জায়গায় নিয়ে যায়। ট্রাফিক পুলিশ অন্যায়ভাবে মারধর ও চাকার হাওয়া ছেড়ে দেয়। যাত্রী ওঠানামার সুবিধাজনক রিকশা স্ট্যান্ডগুলোও ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস, হকার, খুদে ব্যবসায়ীদের দখলে চলে যাওয়ায় বাধ্য হয়ে দোকান বা মার্কেটের সামনে যাত্রী ওঠাতে-নামাতে হয়। ফলে একদিকে যেমন দোকান বা মার্কেটের ব্যবসায়ীদের সমস্যা হয়, অন্যদিকে রিকশা শ্রমিকদেরও সংশ্লিষ্টদের তাড়া খেয়ে চলতে হয়। তাঁরা এসব সমস্যার সমাধান চান।