ন্যায্য হিস্যা আদায়ে স্বাধীন কমিশন চায় গণজাগরণ মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের কাছ থেকে সম্পদের ন্যায্য হিস্যা আদায় করতে স্বাধীন কমিশন করার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ।
গতকাল শুক্রবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ দাবি জানান। এ ছাড়া বাংলাদেশে পাকিস্তান দূতাবাসের সব কর্মকর্তাকে বহিষ্কার, পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত ও কূটনৈতিক সম্পর্ক পুনর্মূল্যায়নের দাবিও জানান তিনি।
‘যুদ্ধাপরাধীদের বিচারসহ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তানের অযাচিত হস্তক্ষেপ’-এর প্রতিবাদে এ সমাবেশ হয়। ইমরান এইচ সরকার বলেন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত ও কূটনৈতিক সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে হবে। ১৯৭১ সালের পর সম্পদ ভাগাভাগির কোনো সুরাহা হয়নি। একটি স্বাধীন কমিশন গঠন ও আন্তর্জাতিক তৎপরতার মাধ্যমে তা আদায় করতে হবে। সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক, গণজাগরণ মঞ্চের সংগঠক জীবনানন্দ জয়ন্ত, খান আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি সম্পা বসু প্রমুখ বক্তব্য দেন।