চট্টগ্রামে মে দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, দেশের কিছু মানুষ সম্পদের প্রাচুর্যে ভাসছে। কিন্তু সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়ছে না। অন্যদিকে ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিকেরা। তাঁরা বিশ্রাম-বিনোদনের জন্য সময় পাচ্ছেন না।
গত শুক্রবার বিকেলে নগরের ডিসি হিলে মে দিবস উদ্যাপন পরিষদ এ সভার আয়োজন করে। উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চন্দন দাশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম শাখার সভাপতি মৃণাল চৌধুরী ও আবৃত্তি সংগঠন প্রমার সভাপতি রাশেদ হাসান।
সভায় বক্তারা বলেন, অধিক মুনাফালোভী ব্যবসায়ীরা শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছেন। অতিরিক্ত শ্রম দিলেও সঠিক মজুরি পাচ্ছেন না তাঁরা। অধিকার আদায়ে শ্রমজীবী মানুষের সংগ্রামকে এগিয়ে নিতে হবে। সংস্কৃতিকর্মীদেরকে শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
আলোচনা সভা শেষে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। এতে অংশ নেয় উদীচী, আবৃত্তি সংগঠন বোধন ও প্রমা, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র এবং স্কুল অব অরিয়েন্টাল ড্যান্স।