কক্সবাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদল
ন্যায্যমূল্য নিশ্চিত করতে লবণ আমদানি স্থগিত করা হয়েছে
বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুন্সি শফিউল হক বলেছেন, লবণচাষিদের স্বার্থরক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ইতিমধ্যে বিদেশ থেকে লবণ আমদানি স্থগিত করা হয়েছে। তবে দেশে লবণের ঘাটতি দেখা দিলে আমদানি করতে হবে। তাই জাতীয় চাহিদার অতিরিক্ত লবণ উৎপাদনে চাষিদের আন্তরিক হওয়ার অনুরোধ জানান তিনি।
মৌসুম শুরুর মুহূর্তে বিদেশ থেকে লবণ আমদানির সরকারি সিদ্ধান্তে মাঠে উৎপাদিত লবণের দাম কমে যায়। এ নিয়ে কক্সবাজার জেলার ৫৫ হাজার প্রান্তিক চাষিসহ লবণ উৎপাদন ও বিপণনে জড়িত প্রায় পাঁচ লাখ মানুষ হতাশায় ছিলেন। ১২ ডিসেম্বর প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে লবণের ন্যায্যমূল্য নিয়ে সচিত্র সংবাদ প্রকাশের পর বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল মাঠের পরিস্থিতি জানতে কক্সবাজার পরিদর্শনে আসে। গত সোমবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে স্থানীয় লবণচাষি, জমির মালিক, লবণ মিল মালিক ও লবণচাষি সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করে দলটি।
জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন আমদানি-রপ্তানি ব্যুরোর প্রধান নিয়ন্ত্রক অতিরিক্ত সচিব মুজিবুর রহমান, কক্সবাজার লবণ মিল মালিক ও লবণ চাষি সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, লবণচাষি ও কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী, বাংলাদেশ লবণ চাষি কল্যাণ সমিতির সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, টেকনাফ লবণ চাষি ঐক্য পরিষদ সভাপতি মো. শফিক মিয়া, কক্সবাজার বণিক সমিতির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, লবণচাষি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল মোস্তফা প্রমুখ।
মোহাম্মদ ইলিয়াছ বলেন, দেশের জাতীয় চাহিদার ৯৮ ভাগ লবণ উৎপাদিত হচ্ছে কক্সবাজার জেলা থেকেই। বৈরী পরিবেশ না থাকলে এই মৌসুমে জেলার ৬০ হাজার একরের বেশি জমিতে উৎপাদিত হবে প্রায় ১৮ লাখ মেট্রিক টন লবণ। এ নিয়ে জাতীয় চাহিদা পূরণ সম্ভব। এ ক্ষেত্রে মাঠে উৎপাদিত লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। বর্তমানে প্রতি মণ পরিশোধিত সাদা লবণ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২৫ টাকায়।