ন্যায্যমূল্য পাচ্ছে না কৃষক
নীলফামারীতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে, কিন্তু দাম কম হওয়ায় কৃষকেরা হতাশ। কৃষকেরা বলছেন, সরকারি ধান-চাল কেনা শুরু না হওয়ায় ধানের ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না। প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৫০০ টাকায়।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রমতে, এ বছর জেলায় এক লাখ ১৪ হাজার ৮৭৫ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে পাঁচ হাজার ৮৪২ হেক্টর জমি বেশি। ফলন ভালো হওয়ার পরও দাম না পাওয়ায় কৃষকের আনন্দ ম্লান হতে চলেছে।নীলফামারী জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আমন ধান কাটার মহোৎসব শুরু হয়ে গেছে। কিষান-কিষানিদের চলছে ব্যস্ত সময়। বাজারে আসছে নতুন ধান। ব্যবসায়ীরা এসব ধান সংগ্রহ করে ট্রাকযোগে নাটোর, নওগাঁ, ঈশ্বরদীসহ দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছেন। তবে কৃষকেরা বলছেন, ধানের দাম না থাকায় তাঁরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন।জেলা সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের উত্তর চওড়া কিসামত দলুয়া গ্রামের কৃষক নরেশ চন্দ্র রায় বলেন, এ বছর তিনি ৩০ বিঘা (১০ একর) জমিতে আমন ধান চাষ করেছেন। এর মধ্যে ১০ বিঘা জমির ধান কাটা হয়েছে। প্রতি বিঘায় তাঁর ফলন হয়েছে ১২ মণ করে। প্রায় ১০ দিন আগে প্রতি মণ ধান বিক্রি করেছেন ৫০০ টাকা করে।প্রতি বিঘায় তাঁর উৎপাদন খরচ হয়েছে ৩০ কেজি ইউরিয়া ৬০০ টাকা, টিএসপি ১০ কেজি ৩০০ টাকা, পটাশ ১০ কেজি ৩০০ টাকা, হালচাষ ৬০০ টাকা, বীজ ১০০ টাকা, নিড়ানি ৫০০ টাকা এবং কাটাই-মাড়াই এক হাজার টাকা মিলিয়ে প্রায় চার হাজার টাকা। সে সঙ্গে জমির ইজারামূল্য ও কৃষকের নিজের পরিশ্রম যোগ করলে প্রতি বিঘায় কৃষকের খরচ পড়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা। তিনি বলেন, সরকারিভাবে ধান ক্রয় শুরু না হওয়ায় কৃষকেরা ধানের দাম পাচ্ছেন না।শুক্রবার বিকেলে ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের বসুনিয়ার হাটে গিয়ে দেখা যায়, হাটে নতুন ধানের প্রচুর আমদানি হয়েছে। চলছে কেনা-বেচা। ধান কিনছেন মহাজনেরা। ধান ব্যবসায়ী ওয়াহেদুল ইসলাম বলেন, তাঁরা মোটা ধান ৬০০ থেকে ৬২০ টাকা দরে এবং চিকন জাতের ধান ৬৫০ থেকে ৬৬০ টাকা দরে কিনছেন।নীলফামারী সদর উপজেলা মিলমালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, কয়েক দিনের চেয়ে নতুন ধানের দাম একটু বেড়েছে। কদিন আগে যে ধান ৫০০ টাকায় কেনা-বেচা হয়েছে, তা এখন ৬০০ টাকায় কেনা-বেচা হচ্ছে। গত বছর ৭৫০ থেকে ৮৫০ টাকা মণ দরে ধান কিনেছি। এখন পর্যন্ত সরকার মিলমালিকদের সঙ্গে কোনো চুক্তি করেনি।নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মহসীন রেজা প্রথম আলোকে বলেন, ‘এ বছর জেলায় আমাদের আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ নয় হাজার হেক্টর জমি। অর্জিত হয়েছে এক লাখ ১৪ হাজার ৮৭৫ হেক্টর জমি। উৎপাদন লক্ষ্যমাত্রা দুই লাখ ৯৪ হাজার ৪০০ মেট্রিক টন চাল ধরা হলেও তা তিন লাখ ছাড়িয়ে যাবে।’