ন্যায্যমূল্যে ওষুধ বিক্রি করায় ফার্মেসিতে সরবরাহ বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যায্যমূল্যে ওষুধ বিক্রি করায় ঠাকুরগাঁও জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি শহরের স্বাস্থ্যসেবা হাসপাতালের ফার্মেসিতে ওষুধ সরবরাহ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সমিতির নিষেধাজ্ঞা থাকায় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো ওই হাসপাতালে তিন মাসে কোনো ওষুধ সরবরাহ করেনি। এতে জেলার প্রায় চার হাজার ডায়াবেটিক রোগী বাইরে থেকে বেশি দামে ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন। স্বাস্থ্যসেবা হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ন্যায্যমূল্যে ওষুধ সরবরাহের জন্য হাসপাতালের ভেতরে একটি ফার্মেসি স্থাপন করা হয়। ওষুধের ন্যায্যমূল্যের কারণে ফার্মেসিটি রোগীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি কোনো কারণ ছাড়াই গত এপ্রিল মাসে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে হাসপাতালের ফার্মেসিতে সব ধরনের ওষুধ সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দেয়। এর পর থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও ওষুধ কোম্পানিগুলো হাসপাতালের ফার্মেসিতে ওষুধ সরবরাহ করেনি। ২০ জুলাই কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কর্মকর্তা, ডায়াবেটিক সমিতির কর্মকর্তা, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনায় বসে জেলা প্রশাসন। সেখানে হাসপাতালে ওষুধ সরবরাহ স্বাভাবিক করার পদক্ষেপ নিতে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিকে অনুরোধ করা হয়। গত মঙ্গলবার চিঠি দিয়ে সমিতির জেলা সভাপতি মো. আজিজুর রহমান স্বাস্থ্যসেবা হাসপাতালে সব ধরনের ওষুধ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানান। এর পরও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো ওই ফার্মেসিতে ওষুধ সরবরাহ করেনি। আবুল খায়ের নামের এক রোগী অভিযোগ করেন, ‘ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতালে রোগীরা সুলভ মূল্যে ইনসুলিনসহ অন্যান্য ওষুধ কিনতে পারতেন। এ জন্য রোগীরা বেশি দামে বাইরের দোকান থেকে ওষুধ কিনতেন না। তাই জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি স্বাস্থ্যসেবা হাসপাতালে ওষুধ সরবরাহ বন্ধ করে দিয়ে বাইরে থেকে রোগীদের দ্বিগুণ দামে ওষুধ কিনতে বাধ্য করছে।’ সমিতির জেলা সভাপতি মো. আজিজুর রহমান বলেন, ‘হাসপাতালের সামনের ওষুধের দোকান মালিকেরা অভিযোগ করেছেন, স্বাস্থ্যসেবা হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের নিজস্ব ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই ফার্মেসিতে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে ওষুধ সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।’