ন্যায্যমূল্যের চাল পাচ্ছেন না ১৪০১ কর্মচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ১ হাজার ৪০১ জন চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীর তালিকা জমা না হওয়ায় তাঁরা ফেয়ার প্রাইসের (ন্যায্যমূল্য) চাল পাচ্ছেন না। ফলে কম দামে চাল কিনতে না পেরে বিপাকে পড়েছেন ওই ১ হাজার ৪০১ জন কর্মচারী।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাসিক বেতন বিবেচনায় রেখে ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে কম দামে চাল বিক্রির কর্মসূচি চালু করে। কর্মসূচির নাম দেওয়া হয় ফেয়ার প্রাইস। মাসে কর্মচারীপ্রতি ২০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয় প্রতি রেশন কার্ডের বিপরীতে। ওই সময় ফেয়ার প্রাইসের চালের দাম নির্ধারণ করা হয় ২৪ টাকা কেজি। অথচ তৎকালীন বাজারদর ছিল তার চেয়েও কম। অর্থাৎ ২০ টাকা কেজি দরে মিলত মোটা চাল। এতে ফেয়ার প্রাইসের কার্ডধারী চতুর্থ শ্রেণির কর্মচারীরা ডিলারের কাছে ওই চাল কিনতে অনীহা দেখাতে থাকেন। ফলে দুই বছরের মাথায় ২০১৩ সালে বন্ধ হয়ে যায় ওই কর্মসূচি।
চতুর্থ শ্রেণির কর্মচারীদের রেশন ডিলার মো. ফিরোজ ইফতেখারের সঙ্গে কথা বলে তিনি বলেন, বর্তমানে বাজারে চালের দাম বেশি। ৩০ থেকে ৩৮ টাকায় উঠেছে মোটা চালের দাম। ফেয়ার প্রাইসকে জনপ্রিয় করতে দাম পুনর্মূল্যায়ন করেছে সরকার। বর্তমানে ফেয়ার প্রাইসের প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। ফলে চতুর্থ শ্রেণির কর্মচারীরা প্রতিদিন হুমড়ি খাচ্ছেন রেশন দোকানে। কিন্তু উপজেলা খাদ্য বিভাগ থেকে সরবরাহ না থাকায় সুবিধাভোগীদের হাতে ওই চাল তুলে দেওয়া যাচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্বতীপুরের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত আছেন ১ হাজার ৪০১ জন চতুর্থ শ্রেণির কর্মচারী। তাঁরা সবাই ছিলেন ফেয়ার প্রাইসের রেশন কার্ডধারী। ফেয়ার প্রাইস কার্ডধারী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মচারী আজিজুল রহমান বলেন, ‘রেশনের চাল কেন পাচ্ছি না, তা জানি না। বাজারে চালের দাম বেশি। এ অবস্থায় রেশনে ১৫ টাকায় চাল পেলে উপকৃত হতেন গরিব কর্মচারীরা।’
বন্ধ থাকা ফেয়ার প্রাইসের চাল দ্রুত বিক্রির দাবি করেছেন অগ্রণী ব্যাংকের পার্বতীপুর শাখার কর্মচারী মো. সালাউদ্দিন ও শরিফুল ইসলাম।
এ প্রসঙ্গে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবদুল জলিল ব্যাপারীর সঙ্গে গতকাল মঙ্গলবার এ প্রতিনিধির কথা হয়। এ সময় জলিল ব্যাপারী বলেন, ডিলারের কাছ থেকে নতুন করে কর্মচারীদের তালিকা চাওয়া হয়েছে। এ বিষয়ে গত বছরের ১১ সেপ্টেম্বর একটি চিঠি দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা মেলেনি। তাই রেশন চালু করা যায়নি। তবে শিগগিরই ফেয়ার প্রাইসের চাল বিক্রি কর্মসূাচ চালু করা হবে।