ন্যায্যমূল্যের পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমবায় খাতের বিকাশ এবং সমবায়ীদের ভাগ্য উন্নয়নের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। তাই সমবায় ভবনের বিক্রয়কেন্দ্রের পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থানে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। ভোক্তাদের স্বার্থ রক্ষা ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সমবায় কনসোর্টিয়ামও ইতিবাচক ভূমিকা রাখছে।
গতকাল সোমবার আগারগাঁও সমবায় ভবনে কেন্দ্রীয় সমবায় সমিতির অন্তর্গত সমবায় বাজার কনসোর্টিয়ামের উদ্যোগে ভেজালমুক্ত, ন্যায্যমূল্যের ও মানসম্মত পণ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গা এসব কথা বলেন।
এসব পণ্যের মধ্যে আছে: ৩৫১টি প্রাথমিক সমিতির উৎপাদিত চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, আম, কলা ও মিল্ক ভিটার বিভিন্ন পণ্য। এ ছাড়া কনসোর্টিয়াম দেশের বিভিন্ন স্থানে বিক্রয়কেন্দ্র স্থাপন করে তিন বছর ধরে সমিতির উৎপাদিত পণ্যগুলো বিক্রয় করে আসছে।
সমবায় অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সমবায় নিবন্ধক মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার, অতিরিক্ত নিবন্ধক সর্দার মো. জয়নুল আবেদীন, কনসোর্টিয়ামের সহসভাপতি নাজমুল আলম ভূঁইয়াসহ অনেকে।
এ ছাড়া মন্ত্রী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সদস্যদের উৎপাদিত সামগ্রী নিয়ে আয়োজিত পল্লি রঙের বিক্রয়কেন্দ্রও উদ্বোধন করেন।