ন্যাশনাল ডিফেন্স কলেজের উন্নয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর পেশাদারি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ন্যাশনাল ডিফেন্স কলেজ ও সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রী গতকাল বুধবার ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এবং সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) পরিচালনা পর্ষদের ১২তম যৌথ সভায় সভাপতির বক্তব্যে এ গুরুত্বারোপ করেন। তিনি এ দুটি কলেজের উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের দিকনির্দেশনা দেন।শেখ হাসিনা বলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ বাংলাদেশের দুটি অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটি উন্নত মানসম্পন্ন ও যুগোপযোগী শিক্ষা প্রদানের মাধ্যমে দেশে ও বিদেশে ইতিমধ্যে আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। পর্ষদের সভায় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান রিয়ার অ্যাডমিরাল এম ফরিদ হাবিব ও বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ্ মো. জিয়াউর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আব্দুল ওয়াদুদ, এনডিসির কমান্ড্যান্ট মেজর জেনারেল এ কে এম মুজাহিদ উদ্দিন, ডিএসসিএসসির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ শামীম চৌধুরী, সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ, প্রতিরক্ষাসচিব খোন্দকার মো. আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।বাসস।