ন্যাশনাল ব্যাংকের পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমানকে ন্যাশনাল ব্যাংকের (এনবিএল) পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (সংশোধন ২০১৩)-এর ৪৯ ধারা অনুযায়ী ব্যাংকটিতে এই পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এনবিএলের আর্থিক সূচকগুলোতে অবনতি, পর্ষদে এক পরিবারের পাঁচজন সদস্য থাকা, নানা ঋণ অনিয়ম এবং শীর্ষ নির্বাহীর হঠাৎ পদত্যাগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক গতকাল বুধবার কাজী ছাইদুরকে পর্যবেক্ষক নিয়োগ দেয় বলে সূত্রে নিশ্চিত হওয়া গেছে। নিয়োগের চিঠিতে বাংলাদেশ ব্যাংক এনবিএলের পর্ষদ সভার অন্তত তিন দিন আগে সভার নোটিশ, আলোচ্য বিষয় ও প্রয়োজনীয় কাগজপত্র কাজী ছাইদুরকে পাঠানোরও পরামর্শ দিয়েছে।
এর আগে গত শনিবার ঈদ ও সাপ্তাহিক ছুটির মধ্যে জরুরি বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (গভর্নর, চার ডেপুটি গভর্নর ও কনসালট্যান্ট নিয়ে গঠিত) এক সভায় ব্যাংকটির পর্ষদে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়। গভর্নর আতিউর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।
কেন্দ্রীয় ব্যাংকের সূত্রটি আরও জানায়, কয়েক বছর ধরেই এনবিএলের আর্থিক পরিস্থিতির অবনতি হচ্ছে। ব্যাংকটির পর্ষদে শিকদার পরিবারের পাঁচজন সদস্য রয়েছেন। এঁরা হলেন, ব্যাংকটির চেয়ারম্যান জয়নুল হক শিকদার, তাঁর স্ত্রী মনোয়ারা শিকদার, কন্যা পারভীন হক শিকদার এবং পুত্র রিক হক শিকদার ও রন হক শিকদার। ব্যাংক কোম্পানি আইন অনুসারে কোনো ব্যাংকে এক পরিবারের দুজনের বেশি পরিচালক থাকতে পারেন না। ২০১৩ সালে জাতীয় সংসদে এই আইন পাস হওয়ার পর বাংলাদেশ ব্যাংক এক বছরের সময় দিয়েছিল তা বাস্তবায়নে। সেই অনুসারে ২২ জুলাই এর মেয়াদ শেষ হয়েছে। কিন্তু এনবিএলের পর্ষদে এখনো এক পরিবারের পাঁচজন সদস্য রয়েছেন।
এদিকে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এনবিএলের কয়েকটি শাখায় বড় ধরনের ঋণ অনিয়ম চিহ্নিত হয়। পর্ষদেও নিয়মনীতি উপেক্ষার তথ্য পরিদর্শনে বের হয়ে আসে। কেন্দ্রীয় ব্যাংক এরই পরিপ্রেক্ষিতে ব্যাংকটিতে কিছু দিকনির্দেশনা দেয়। এর আগেও বাংলাদেশ ব্যাংক ব্যাংকটিকে আরও কিছু বিষয়ে নির্দেশনা দিয়েছিল, কিন্তু সেগুলোর যথাযথভাবে বাস্তবায়ন করেনি ব্যাংকটি।
উপরন্তু, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শফিকুর রহমান সম্প্রতি হঠাৎ পদত্যাগ করেন। যদিও শফিকুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। তবে একাধিক সূত্র বলছে, পরিচালনা পর্ষদের কাছে অপমান-অপদস্থ হয়ে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। গত ৩০ সেপ্টেম্বর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) শামছুল হুদা খানকে চলতি দায়িত্বে এমডি করা হয়।
এ রকম পরিস্থিতিতে নজিরবিহীনভাবে বন্ধের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের বৈঠক ডেকে ব্যাংকটির পর্ষদে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয় গত শনিবার। গতকাল তা বাস্তবায়ন করা হয়।