ন্যাশনাল মেডিকেলে শিক্ষার্থী-কর্মচারী সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও হাসপাতালে শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে সংঘর্ষ বেধেছে। এতে অন্তত ১০ জন আহত হন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়ে তা এখনো চলছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ওই ইনস্টিটিউটের ওয়াসিম নামের শিক্ষার্থীকে চড় মারেন বাবুল নামের একজন কর্মচারী। এ ঘটনায় আজ বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা কলেজে ঢুকে ভাঙচুর শুরু করেন ও কর্মচারীদের ওপর হামলা চালান। এতে বাবুলসহ অন্তত ১০ জন কর্মচারী আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে বাবুলকে দুপুর ১২টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। ওই হাসপাতাল ক্যাম্পাসের ফটকের সামনে পুলিশ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

হাসপাতালে সেবা নিতে আসা আবদুল কাইয়ুম নামের এক ব্যত্তির ভাষ্য, আজ সকালে তিনি স্ত্রীকে নিয়ে হাসপাতালে এসেছিলেন চিকিত্সাসেবা নিতে। শিক্ষার্থী ও কর্মচারীদের সংঘর্ষের কারণে জরুরি বিভাগ থেকে রোগীদের বের করে দেওয়া হচ্ছে। এ কারণে অসুস্থ স্ত্রীকে নিয়ে এখন অন্য হাসপাতালে যাচ্ছেন।

ওয়ারী জোনের পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. শাহেদ প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ এখনো পুলিশকে কিছু জানায়নি। তাই আমরা কলেজের ভেতরে প্রবেশ করে পারছি না। কর্তৃপক্ষ অনুমতি দিলে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালাব।’