ন্যাশনাল মেডিকেলের সংঘর্ষ থামালেন সাংসদ

রাজধানীর পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও হাসপাতালে শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে সকাল থেকে চলা সংঘর্ষ থামিয়েছেন ঢাকা-৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশিদ। আজ শনিবার বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে তিনি শিক্ষার্থীদের শান্ত করেন।
বেলা দুইটার দিকে কলেজ কর্তৃপক্ষ ও মেডিকেল কর্মকর্তাদের নিয়ে সাংসদ কাজী ফিরোজ রশিদ বৈঠকে বসেন। এ সময় তিনি বলেন, যে ঘটনার সূত্র ধরেই সংঘর্ষ হোক না কেন, হাসপাতাল কর্তৃপক্ষের উচিত ছিল এর একটি সুষ্ঠু সমাধান করা। কিন্তু তাঁরা সেটি করতে ব্যর্থ হয়েছেন।
হাসপাতালের পরিচালক আবদুস সালাম সাংবাদিকদের বলেন, বিষয়টি মীমাংসার জন্য তাঁকে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। তিনি জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে সংঘর্ষের সঙ্গে জড়িত থাকায় দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রথম দফা বৈঠকের পর আবারও দ্বিতীয় দফায় হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন সাংসদ কাজী ফিরোজ রশিদ।
আজ বেলা সাড়ে ১১টার দিকে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও হাসপাতালে শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ওই ইনস্টিটিউটের ওয়াসিম নামের শিক্ষার্থীকে চড় মারেন বাবুল নামের একজন কর্মচারী। এ ঘটনায় আজ বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা কলেজে ঢুকে ভাঙচুর শুরু করেন ও কর্মচারীদের ওপর হামলা চালান। এতে বাবুলসহ অন্তত ১০ জন কর্মচারী আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে বাবুলকে দুপুর ১২টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। ওই হাসপাতাল ক্যাম্পাসের ফটকের সামনে পুলিশ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

হাসপাতালে সেবা নিতে আসা আবদুল কাইয়ুম নামের এক ব্যক্তির ভাষ্য, আজ সকালে তিনি স্ত্রীকে নিয়ে হাসপাতালে এসেছিলেন চিকিত্সাসেবা নিতে। শিক্ষার্থী ও কর্মচারীদের সংঘর্ষের কারণে জরুরি বিভাগ থেকে রোগীদের বের করে দেওয়া হচ্ছে। এ কারণে অসুস্থ স্ত্রীকে নিয়ে এখন অন্য হাসপাতালে যাচ্ছেন।
এ ছাড়া হাসপাতালে ভর্তি থাকা বিভিন্ন ওয়ার্ডের রোগীরা ঢাকা মেডিকেল ও সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চলে যাচ্ছেন।
শিক্ষার্থী-কর্মচারী সংঘর্ষের সময় হাসপাতালের প্রশাসনিক দপ্তর, অপারেশন থিয়েটার, চক্ষু বিভাগ, জরুরি বিভাগ ও হাসপাতালের পুরোনো ও নতুন ভবনের মধ্যকার সংযোগ সেতুর কাচ ভাঙচুর করা হয়।