ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে
নাবিক প্রশিক্ষণের সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে। কাল মঙ্গলবার ইনস্টিটিউটকে আনুষ্ঠানিকভাবে ‘আইএসও ৯০০১: ২০০৮’ সনদ প্রদান করবে আন্তর্জাতিক মান নির্ণয়কারী সংস্থা ‘ডিএনভি-জিএল’।
জানা গেছে, আন্তর্জাতিক নৌ-সংস্থার (আইএমও) নিয়মকানুন অনুসরণ করে প্রশিক্ষণ দেয় এই ইনস্টিটিউট। প্রশিক্ষণ শেষে দেশি-বিদেশি জাহাজে সাধারণ নাবিক হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্যতা লাভ করেন শিক্ষার্থীরা। নাবিক প্রশিক্ষণে আন্তর্জাতিক শর্ত প্রতিপালনের স্বীকৃতি হিসেবে এই সনদ দেওয়া হচ্ছে।
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল আজিম প্রথম আলোকে বলেন, এই স্বীকৃতি সরকারি এই প্রতিষ্ঠানকে নতুন উচ্চতায় উন্নীত করবে। এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীদের দেশি-বিদেশি জাহাজে নিয়োগ পাওয়ার পথ সুগম হবে।
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট সূত্র জানায়, নাবিক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ১৯৫২ সালে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির। তবে নাবিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় ১৯৫৯ সালে। নাম পরিবর্তন করে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট হিসেবে যাত্রা শুরু হয় ২০০৪ সালে।
ইনস্টিটিউট সূত্র জানায়, এবার এই ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়েছেন ২২৩ জন প্রশিক্ষণার্থী। তাঁদের মধ্যে ৪৫ জন প্রশিক্ষণ নিয়েছেন মাদারীপুরে নতুন চালু হওয়া ইনস্টিটিউটের শাখা কার্যালয় থেকে।
ইনস্টিটিউটের অধ্যক্ষ বলেন, নতুন স্বীকৃতির ফলে বিশ্ববাজারে বাংলাদেশি নাবিকদের চাহিদা বৃদ্ধি পাবে। কারণ এই ইনস্টিটিউটের গুণগতমান এখন আন্তর্জাতিক মানসম্পন্ন।
সরকারি এই ইনস্টিটিউট ছাড়া তিনটি বেসরকারি ইনস্টিটিউট নাবিক (রেটিং) প্রশিক্ষণ দিচ্ছে। তবে ক্যাডেট হিসেবে নিয়োগের জন্য প্রশিক্ষণ দিচ্ছে বেসরকারি ১৮টি এবং সরকারি একটি প্রতিষ্ঠান।