ন্যাশনাল সার্ভিস-কর্মীরা ব্যঙ্গ-বিদ্রূপের শিকার!
ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় বরগুনা জেলায় প্রথম ধাপে প্রায় চার হাজার কর্মীকে গত ১৯ সেপ্টেম্বর থেকে বিভিন্ন সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়। কিন্তু কর্মক্ষেত্রে তাঁদের অনেকেই উপেক্ষার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কার্যালয়ে তাঁদের কাজ করার মতো উপযোগী পরিবেশ ও সহযোগিতারও ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন তাঁরা। এমনকি অনেক প্রতিষ্ঠান গোপনীয়তা রক্ষার অজুহাতে ন্যাশনাল সার্ভিস-কর্মীদের গ্রহণে অনাগ্রহ দেখিয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, ন্যাশনাল সার্ভিস প্রকল্পের প্রথম ধাপে তিন মাস প্রশিক্ষণ শেষে বরগুনার তিন হাজার ৯৬৮ জন বেকার যুবক ও যুব মহিলাকে গত ১ সেপ্টেম্বর থেকে দুই বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়। ১৯ সেপ্টেম্বর থেকে তাঁদের বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদানের জন্য জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়। নাজমা আকতার নামে বরগুনা সদরের একজন অভিযোগ করেন, ১৯ সেপ্টেম্বর তিনি বরগুনা জিলা স্কুলে যোগদান করতে গেলে প্রধান শিক্ষক তাঁকে বিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে ছাত্রদের পাহারা দিতে বলেন। যোগদানের পর এমন মন্তব্য শুনে পরদিন থেকে আর তিনি কর্মস্থলে যাননি। বিষয়টি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে জানানো হলে তাঁকে অন্যত্র নিয়োগ দেওয়া হয়। তবে প্রধান শিক্ষক সৈয়দ আহম্মেদ অভিযোগ অস্বীকার করেছেন।আবিদা সুলতানা নামের অপর এক কর্মী অভিযোগ করেন, তিনিসহ ছয়জন বরগুনা মা ও শিশুস্বাস্থ্যকেন্দ্রে যোগদান করতে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাঁদের যোগদান করতে দেননি। পরে তাঁদের মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমে নিয়োগ দেওয়া হয়। একইভাবে বরগুনা জেনারেল হাসপাতালে চারজন কর্মী যোগদানের পর তাঁদের সুইপারের কাজ করানো হবে বলে বিদ্রূপ করা হয় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। তবে বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুস সালাম বলেন, ‘আমার কাছে এ ধরনের কোনো অভিযোগ কেউ করেনি।’সম্প্রতি বরগুনা পৌরসভার লাইসেন্স শাখায় গিয়ে দেখা যায়, এই বিভাগে নিয়োগ পাওয়া নাসির উদ্দিন, শাহাদাত হোসেন, হাসিনা বেগম, মাশরাফি আকতার, প্রতিভা দেবনাথসহ পাঁচজন কর্মী একটি টেবিলে গাদাগাদি করে বসে কাজ করছেন। নাসির উদ্দিন বলেন, ‘কষ্ট হলেও কাজ করছি। কিন্তু আমরা যে বেতন পাই, তা থেকে দুই হাজার টাকা কল্যাণ তহবিলে কেটে রাখায় সংসারের ব্যয় নির্বাহ করা যাচ্ছে না।’ পৌরসভার প্রধান নির্বাহী নূরুল ইসলাম বলেন, ‘ওদের অনারারি সার্ভিস। তাই কাজেও তেমন চাপ দিই না। এমনিতেই তো আমাদের জায়গার সংকট। একটু কষ্ট করে কাজটা চালিয়ে নিলেই হলো।’খোঁজ নিয়ে জানা গেছে, পাথরঘাটা থানায় নিয়োগ দেওয়া হয়েছে ২৯ জনকে। মাসে দুবার থানায় হাজিরা দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই তাঁদের। নাম গোপন রাখার শর্তে এঁদের কয়েকজন বলেন, ‘আগেও ঘোরাঘুরি করে সময় কাটাতাম। এখনো তাই। পার্থক্য হলো, এখন মাস শেষে কিছু টাকা বেতন পাই।’ তাঁদের বলা হয়েছে, মাসের ১৪ ও ২৯ তারিখে থানায় হাজিরা দিতে এবং এলাকায় আইনশৃঙ্খলার অবনতি দেখা দিলে থানায় খবর দিতে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আলী মাসে দুবার হাজিরা দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘ওরা এলাকায় সামাজিক নানা কাজে নিয়োজিত আছে।’উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী আ. হালিম বলেন, ‘বালাম ও রেকর্ড এবং গোপনীয় ফাইলপত্র থাকায় আমরা তাঁদের (ন্যাশনাল সার্ভিস-কর্মীদের) গ্রহণ করিনি।’ যোগাযোগ করা হলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যাদবচন্দ্র রায় বলেন, ‘এমন অভিযোগ আমাদের কাছে এখনো আসেনি। যেসব অফিসে তাঁদের নিয়োগ দিয়েছি, এখন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব তাঁদের কীভাবে, কোন কাজে লাগাবে।’ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোস্তাক আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘প্রথম দিকে এ ধরনের কিছু সমস্যা তো হবেই। আস্তে আস্তে এসব ঠিক হয়ে যাবে।’