ন্যাশনাল সার্ভিসে ৩৫ হাজার ৮৫২ জনের কর্মসংস্থান হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় গত ফেব্রুয়ারি পর্যন্ত তিন জেলায় ৩৫ হাজার ৮৫২ জনের কর্মসংস্থান করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই কর্মসূচি চালু করা হবে। দেশের একটি ছেলেমেয়েও যাতে বেকার না থাকে সে লক্ষ্য থেকেই এ কর্মসূচি শুরু করা হয়েছে। এ সার্ভিসের অধীনে প্রশিক্ষণের পর কাজ দেওয়া হচ্ছে।জাতীয় সংসদে গতকাল বুধবার গোলাম ফারুক খন্দকারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, গত দুই বছরে দুই লাখ ২১ হাজার লোক সরকারি চাকরি পেয়েছেন।প্রধানমন্ত্রী জানান, তিনটি জেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় চাকরির জন্য ৬৬ হাজার ৪৭১ জন যুবক ও যুব মহিলা অস্থায়ী কর্মসংস্থানের জন্য আবেদন করেন। এর মধ্যে কুড়িগ্রামে ৩৫ হাজার সাতজন, বরগুনায় ১২ হাজার ৭০ জন এবং গোপালগঞ্জ জেলায় ১৯ হাজার ৩৯৪ জন আবেদন করেন। এ তিন জেলার পর রংপুর বিভাগের বাকি সাত জেলায় এ কর্মসূচি শুরু হবে। তিনি বলেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির বাইরে আরও ১৬ হাজার ৮০৬ জন যুবক ও যুব মহিলা প্রশিক্ষণে রয়েছেন। প্রশিক্ষণ শেষে তাঁদের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।মেহের আফরোজের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে সরকারের মোট ৪৭৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয় হবে এবং ২০১০-১১ অর্থবছরে এ উপলক্ষে ৪২৩ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।তথ্য অধিকার-সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশব্যাপী বিভিন্ন কর্তৃপক্ষের কাছে ২৯ হাজার ৩৯৫টি তথ্যপ্রাপ্তির আবেদন করা হয়েছে। এর মধ্যে ২৮ হাজার ৮৭৯টি আবেদনের পরিপ্রেক্ষিতে তথ্য সরবরাহ করা হয়েছে। তথ্য না পাওয়ায় সংক্ষুব্ধ ব্যক্তিরা তথ্য কমিশনে ২৩টি অভিযোগ করেছেন এবং ইতিমধ্যে ছয়টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে।গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বর্তমান অর্থবছরে (২০১০-১১) প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে ২৩ কোটি ২৩ লাখ বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। গত অর্থবছরে এ সংখ্যা ছিল ১১ কোটি। তহুরা আলীর প্রশ্নের জবাবে তিনি বলেন, সামাজিক লজ্জার হাত থেকে বাঁচানোর জন্য মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত নারীদের কোনো তালিকা করা হয়নি।জুনাইদ আহমদ পলকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আগামী ২০ এপ্রিল প্রবাসী কল্যাণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। প্রবাসীদের দেশে বিনিয়োগে উৎসাহী করতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত ও ব্যয়-সাশ্রয়ী পন্থায় সহজে রেমিট্যান্স পাঠাতে তাদের সহায়তা দেওয়াই ব্যাংকটির উদ্দেশ্য। ২০ এপ্রিল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে প্রসেসের মন্ত্রিপর্যায়ের চতুর্থ সম্মেলন উদ্বোধনের দিন এই ব্যাংকের আনুষ্ঠানিক কাজ শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণের জন্য নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধান করা হচ্ছে। সে লক্ষ্যে পাঁচটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদল গঠন করা হয়েছে। যারা শিগগিরই ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সম্ভাবনাময় শ্রমবাজার সফর করবেন। ইতিমধ্যে শ্রমিক আমদানিকারক দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা হয়েছে।