আরও সাত জেলায় ন্যাশনাল সার্ভিসের আওতা বাড়ানো হয়েছে। রংপুর বিভাগের এ সাত জেলার আটটি উপজেলার বেকার যুবক ও যুব মহিলাদের ন্যাশনাল সার্ভিসের আওতায় অস্থায়ী ভিত্তিতে চাকরি দেওয়া হবে। এ জন্য নতুন নীতিমালা করা হয়েছে।গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ন্যাশনাল সার্ভিস: মাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন যুব/যুব মহিলাদের জাতিগঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়নে নীতিমালা সংশোধনের প্রস্তাব অনুমোদিত হয়েছে।নতুন নীতিমালায় চাকরিপ্রত্যাশীদের ন্যূনতম বয়স ২৪ ও শিক্ষাগত যোগ্যতা এইচএসসি করা হয়েছে। আগের নীতিমালায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও বয়স ১৮ বছর ছিল।জানতে চাইলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, মন্ত্রিসভার বৈঠকে নতুন নীতিমালা অনুমোদন হয়েছে। তবে আগের নীতিমালা অনুযায়ী যাঁরা চাকরিতে প্রবেশ করেছেন, তাঁদের চাকরি অব্যাহত থাকবে।মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, রংপুর বিভাগের সাত জেলার আটটি উপজেলা ন্যাশনাল সর্ভিসের আওতায় আনা হয়েছে। এর আগে বরগুনা, গোপালগঞ্জ ও কুড়িগ্রামে এ কার্যক্রম শুরু হয়।বৈঠকে সমবায় গোচারণভূমি নীতি, ২০১১-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। আবুল কালাম আজাদ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরে গোচারণভূমি সৃষ্টি করেছিলেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু গোচারণভূমি সৃষ্টি করেছিলেন। সেটা পরে মিল্ক ভিটা হয়েছে।এ ছাড়া বৈঠকে মার্চ মাসের শেষ বৃহস্পতিবার ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’ পালনের সিদ্ধান্ত হয়। বৈঠকে এ-সংক্রান্ত আন্তর্জাতিক ও জাতীয় দিবস উদ্যাপন-সংক্রান্ত পরিপত্র ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’-এর শ্রেণী পরিবর্তন এবং ‘জাতীয় দুর্যোগ দিবস’কে উপরিউক্ত পরিপত্রে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে শান্তির মডেল উপস্থাপন এবং নারী ও শিশু উন্নয়নে সাউথ সাউথ পুরস্কারে ভূষিত হওয়ায় বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান মন্ত্রীরা। জবাবে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ সাফল্য বাংলাদেশের জনগণের।