ন্যাশনাল সার্ভিসের নামে লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি বাস্তবায়নে অনিয়ম-দুর্নীতি ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে বেকারদের কর্মভাতা পাচ্ছেন বিভিন্ন দপ্তরের চাকরিজীবীরা। এ ছাড়া অধিকাংশ সুবিধাভোগীর পরিচয় ভুয়া। আর যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের অধিকাংশই কর্মস্থলে হাজিরা দেন না, অথচ নিয়মিত মাসিক কর্মভাতা তুলছেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম পারভেজ বলেন, সরকার মহৎ উদ্দেশ্যে এই কর্মসূচি হাতে নেয়। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতি ও লুটপাটের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এসব অনিয়ম বন্ধে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে প্রশাসন সরেজমিন তদন্ত করে সুবিধাভোগী ২০০ থেকে ২৫০ জনকে ভুয়া হিসেবে শনাক্ত করে। তার পরও তাঁরা কর্মভাতা পাচ্ছেন। উচ্চপর্যায়ে নিরপেক্ষ তদন্ত হলে এসব অনিয়ম-দুর্নীতির সত্যতা মিলবে।

তবে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ ধরনের অভিযোগ শুনেছি।অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ফুলছড়ি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সরকার বেকার তরুণ-তরুণীদের দুই বছর মেয়াদি কর্মসংস্থান কর্মসূচি হাতে নেয়। দ্বিতীয় পর্যায়ে নদীভাঙনকবলিত ফুলছড়ি উপজেলাকে কর্মসূচির আওতাভুক্ত করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই কর্মসূচি বাস্তবায়ন করছে। ২০১২ সালের প্রথম দিকে বিজ্ঞপ্তি প্রকাশিত হলে ৭১৯টি আবেদন জমা পড়ে। আবেদনকারীদের বিভিন্ন বিষয়ের ওপর ৭২ দিন প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে কয়েকজন অনুপস্থিত ছিলেন। ২০১৩ সালের ৪ জুন ৬৫০ জনকে নিয়োগ দেওয়া হয়। এঁদের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে ১৯৫ জন; মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ১২০; স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
বিভাগে ১২৭; কৃষি, বন ও পরিবেশ অধিদপ্তরের অধীনে ৬৮ এবং স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন দপ্তরে ১৪০ জনকে নিয়োগ দেওয়া হয়। সুবিধাভোগী ৬৫০ জন শুরু থেকে চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত জনতা ব্যাংক কালীবাজার শাখা ও ডাচ বাংলা ব্যাংক ফুলছড়ি শাখা থেকে কর্মভাতা তুলেছেন।

অনুসন্ধানে দেখা গেছে, তৎকালীন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও বর্তমানে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় কর্মরত নাজমুল হাসান ঘুষ নিয়ে এসব অনিয়ম করেন। এসব অনিয়মের কারণে নাজমুল হাসানকে সাদুল্যাপুরে এবং সেখানকার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজুল ইসলাম আল বেরুনিকে ফুলছড়িতে বদলি করা হয়।

স্থায়ী বাসিন্দা না হয়েও অন্তত ২০ জন কর্মভাতা পাচ্ছেন। এর মধ্যে তৎকালীন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার হামিদুল হকের স্ত্রী ফরিদা পারভীন কর্মভাতা পাচ্ছেন। তিনি গাইবান্ধা শহরের পলাশপাড়ার বাসিন্দা এবং গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের নকলনবিশ। এসব অনিয়মের কারণে সেই সময় হামিদুল হককে সুন্দরগঞ্জ উপজেলায় বদলি করা হয়। হামিদুল হক বলেন, ‘আমার স্ত্রীর বাবার বাড়ি ফুলছড়িতে হওয়ায় তিনি কর্মভাতা পাচ্ছেন।’

মোট সুবিধাভোগীর বেশির ভাগ কাজ না করেই কর্মভাতা উত্তোলন করছেন। এর মধ্যে ফুলছড়ি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে চারজনকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু কাজ না করেই কাওছার আলী ও আহম্মদ আলী সংশ্লিষ্ট কর্মকর্তাকে মাসোহারা দিয়ে কর্মভাতা নিচ্ছেন। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আখতারুল আহসান বলেন, ‘মানবিক কারণে তাঁদের নাম ​দেওয়া হয়।’

অন্তত ২০ জন অন্যত্র চাকরি করেও কর্মভাতা পাচ্ছেন। উপজেলার গজারিয়া গ্রামের মাহিয়া আক্তার ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেও নিয়মিত কর্মভাতা নিচ্ছেন। মাহিয়া আক্তারের ভাই লিমন মিয়া বলেন, ‘মাহিয়া ঢাকায় চাকরি করেন। বেতন তোলার সময় হলে নিজে এসে বেতন নিয়ে যান।’

ফুলছড়ি যুব উন্নয়ন কর্মকর্তা তাজুল ইসলাম আল বেরুনি বলেন, ‘নিয়োগ করা ব্যক্তিদের ৫০ শতাংশই কর্মস্থলে উপস্থিত থাকেন না ঠিক, কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিতির প্রত্যয়ন দেওয়ায় কর্মভাতা ছাড় করতে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘লোক নিয়োগ ও যাচাই-বাছাই আমার আগের কর্মকর্তা নাজমুল হাসান দায়িত্বে থাকাকালে হয়েছে।’

তৎকালীন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ‘আমি অনিয়ম-দুর্নীতি করেছি। কিন্তু বর্তমান ইউএনও এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাঁদের কর্মভাতা দিচ্ছেন কেন?’

কর্মসূচির নীতিমালা অনুযায়ী, সুবিধাভোগীদের ২৪ থেকে ৩৬ বছরের বেকার তরুণ ও তরুণী, ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস ও উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। উপজেলা ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সভাপতি হবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সদস্যসচিব হবেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। প্রতিজন নিয়োগপ্রাপ্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাজ করার জন্য মাসিক ছয় হাজার টাকা কর্মভাতা পাবেন। এর মধ্যে দুই হাজার টাকা তাঁর ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা থাকবে। প্রকল্পের মেয়াদ শেষ হলে সমুদয় টাকা ফেরত পাবেন। এদিকে কর্মভাতা প্রদানের সময় সুবিধাভোগীদের সঙ্গে ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তি হয় যুব উন্নয়ন কার্যালয়ের। চুক্তিতে বলা হয়, কেউ তথ্য গোপন করলে বা অনিয়ম প্রমাণিত হলে কর্মভাতার সমুদয় টাকা ফেরত দিতে বাধ্য থাকবেন। টাকা ফেরত না দিলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।