ন্যাশনাল সার্ভিসের আওতায় অস্থায়ী ভিত্তিতে চাকরি পাওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ করা হচ্ছে। নতুন নির্ধারিত যোগ্যতা হচ্ছে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস এবং বয়স ২৪ বছর। এসব বিষয় রেখে ন্যাশনাল সার্ভিসের প্রচলিত নীতিমালা সংশোধন করা হচ্ছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে নীতিগত অনুমোদনও দিয়েছেন। এখন সেটি মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষায়। প্রচলিত নীতিমালায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও বয়স ১৮ বছর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।সংশোধিত এই নীতিমালার ভিত্তিতে বর্তমানে চালু থাকা কুড়িগ্রাম জেলা বাদে রংপুর বিভাগের বাকি সাত জেলার একটি করে উপজেলায় আলোচিত এই কর্মসূচি চালু করা হচ্ছে। অর্থাৎ আরও সাত উপজেলা এই কর্মসূচির আওতায় আসছে।এ বিষয়ে জানতে চাইলে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভাপতি যুব ও ক্রীড়াসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘নতুন অর্থবছরে রংপুর বিভাগে এই কর্মসূচি চালু করা হচ্ছে। আশা করছি, খুব তাড়াতাড়ি এটি শুরু করা হবে। ইতিমধ্যে এ বিষয়ে নীতিগত অনুমোদনও হয়ে গেছে।’মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বর্তমানে পাইলটিং হিসেবে কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জ জেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু আছে। এখানে ন্যূনতম মাধ্যমিক ও তদূর্ধ্ব শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ১৮ থেকে ৩৫ বছরের বেকার যুবক ও যুব মহিলারা অস্থায়ী ভিত্তিতে চাকরি করছেন। ইতিমধ্যে প্রায় ৪৫ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। দুই বছরের জন্য তাঁরা দৈনিক হাজিরার ভিত্তিতে সরকারি বিভিন্ন দপ্তরে অস্থায়ীভাবে চাকরি করছেন। প্রতিদিনের জন্য তাঁরা ২০০ টাকা করে পাচ্ছেন। এই হিসাবে মাসে বেতন দাঁড়ায় ছয় হাজার টাকা।মন্ত্রণালয়ের কর্মকর্তারা, এই তিন জেলায় প্রায় এক বছর ধরে চলা কর্মসূচি মূল্যায়ন করতে গিয়ে দেখা যায় কলেজপড়ুয়া অনেক ছাত্রছাত্রী পড়াশোনা বন্ধ করে এই কর্মসূচির আওতায় চাকরিতে আসছে। এতে এসব শিক্ষার্থীর পড়াশোনা বন্ধের উপক্রম হয়েছে। এই কর্মসূচির মেয়াদ মাত্র দুই বছর। অস্থায়ী চাকরির জন্য পড়াশোনা বন্ধ করলে এসব শিক্ষার্থীর ভবিষ্যতে আরও ক্ষতির আশঙ্কা থাকবে। তিন জেলার জেলা প্রশাসক থেকে শুরু সংশ্লিষ্ট সমন্বয় কমিটির সদস্যরা সরকারের কাছে এই তথ্য দিয়েছেন।মূলত এ কারণেই সরকার এখন এই কর্মসূচির আওতায় শিক্ষাগত যোগ্যতা ও ন্যূনতম বয়স বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তবে বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৫ বছরই থাকছে। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের যুক্তি হলো, ন্যূনতম বয়স ২৪ বছর হলে অন্তত পড়াশোনার শেষপর্যায়ে চলে আসা যায়। এতে ক্ষতির আশঙ্কা কম। তা ছাড়া এই অবস্থায় অন্যত্র চাকরির সুযোগ পেলে তাঁকে অব্যাহতি দেওয়া যাবে। কর্মকর্তারা জানান, নতুন যোগ্যতা বর্তমানে চালু থাকা তিন জেলায় প্রযোজ্য হবে না।একজন কর্মকর্তা জানান, প্রস্তাবিত সংশোধিত নীতিমালা অনুমোদনের জন্য শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। সেখানে অনুমোদন পেলেই তার ভিত্তিতে রংপুর বিভাগের প্রতি জেলার সবচেয়ে দরিদ্রপ্রবণ উপজেলাকে কর্মসূচির আওতায় আনা হবে। ইতিমধ্যে এ রকম উপজেলা চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। পরিসংখ্যান ব্যুরোর সহায়তা নিয়ে এসব উপজেলা নির্ধারণ করা হচ্ছে। রংপুরের পর আস্তে আস্তে অন্যান্য জেলায় এই কর্মসূচি চালু করা হবে বলেও জানান তিনি। কর্মকর্তারা জানান, বর্তমানে কেবল সরকারি দপ্তরগুলোতেই কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হচ্ছে। এটা এখন বেসরকারি পর্যায়ে বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমএইএর নেতাদের সঙ্গে কথা হয়েছে।বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এই কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচির আওতায় তিন মাসের প্রশিক্ষণ দিয়ে অস্থায়ী ভিত্তিতে চাকরি দেওয়া হয়। এই কর্মসূচির সমন্বয়ের জন্য কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে আলাদা সমন্বয় কমিটি রয়েছে।