‘একাত্তরে গণহত্যা ও মানবতাবিরোধী ঘৃণ্য অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিচার ত্বরান্বিত করে ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা আমরা নিশ্চিত করব। দেশের অযুত তরুণের মিলনক্ষেত্র গণজাগরণ মঞ্চের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরাও দাবি করছি যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি।’গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত দ্বাদশ ‘মুক্তির উৎসবে’ হাজারো শিশু হাত উঁচিয়ে এ শপথ উচ্চারণ করেছে। প্রায় ১০০টি স্কুল থেকে আসা শিশুরা এ শপথ নেয়। শপথবাক্যে আরও ছিল স্বাধীনতার জন্য সংগ্রাম ও আত্মদানকারীদের স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে বহন করা এবং সব ধর্ম ও জাতির মানুষের সম-অধিকার নিশ্চিত করে উদার-অসাম্প্রদায়িক-মানবিক সমাজ গড়ে তুলতে আজীবন কাজ করার অঙ্গীকার। শপথ ছাড়াও শিশু-কিশোরদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে উৎসবে ছিল আরও নানা আয়োজন। ছিল মুক্তিযুদ্ধ জাদুঘরের ভ্রাম্যমাণ প্রদর্শনী, মুক্তিযুদ্ধের ওপর আলোকচিত্র প্রদর্শনী, দেশাত্মবোধক গান আর কবিতার পরিবেশনা। বিশিষ্টজনেরা মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন শিশুদের কাছে। আখাউড়ার মুক্তিযোদ্ধা দারুল ইসলাম শোনান তাঁর যুদ্ধের অভিজ্ঞতা। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘শিক্ষার্থীদের এ জড়ো হওয়া একটি আনন্দ উৎসব। এবারে জাতির অঙ্গীকার অন্যবারের চেয়ে একটু আলাদা। এবার নতুন প্রজন্ম দেশের নেতৃত্ব নিতে চাচ্ছে। এটা অত্যন্ত আনন্দের বিষয়।’ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সহধর্মিণী মিলি রহমান বলেন, ‘১৯৭১-এ পাকিস্তানি শত্রুদের বিতাড়িত করা হয়েছে। কিন্তু ঘরের শত্রুকে এখনো তাড়ানো সম্ভব হয়নি। এটা দুর্ভাগ্যজনক।’ শিশুদেরকে জীবনের পথে দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলার প্রেরণা দিতে উৎসবে এসেছিলেন এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরিন। তাঁরা শিক্ষার্থীদের আত্মপ্রত্যয়ী হয়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আসাদুজ্জামান নূর, আক্কু চৌধুরী, রবিউল হুসাইন, সারওয়ার আলী, মফিদুল হক প্রমুখ। গান শোনান শিল্পী মমতাজ ও বাপ্পা মজুমদার।