ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে সুষ্ঠু বিচার প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কল্পনা চাকমা অপহরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি ও বিচারের দাবিতে গতকাল সকালে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সংগঠন। ছবিটি রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় এলাকা থেকে তোলা l প্রথম আলো
কল্পনা চাকমা অপহরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি ও বিচারের দাবিতে গতকাল সকালে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সংগঠন। ছবিটি রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় এলাকা থেকে তোলা l প্রথম আলো

পাহাড়ি নেত্রী কল্পনা চাকমার অপহরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল রোববার রাঙামাটি শহরে তিনটি সংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ২০ বছরেও এই মামলার বিচার না হওয়ায় পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে নারী নির্যাতন, ধর্ষণ ও অপহরণের ঘটনা বাড়ছে। ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে এই অপহরণ মামলার বিচার সুষ্ঠুভাবে শেষ করার দাবি জানান বক্তারা।
গতকাল রোববার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কল্পনা চাকমার অপহরণের ২০ বছর উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদ এই প্রতিবাদ সমাবেশ করে। বৃষ্টির কারণে সমাবেশ সংক্ষিপ্ত করা হয়।
হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১২ জুন গভীর রাতে বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের নিউ লাইল্যাঘোনার নিজ বাড়ি থেকে অপহৃত হন। এ ঘটনার জন্য পাহাড়ি সংগঠনগুলো এক সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করে আসছে।
গতকালের সমাবেশে জনসংহতি সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, কল্পনা চাকমার নাম পৃথিবী থেকে মুছে ফেলা যাবে না। কল্পনা চাকমা পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের নারী আন্দোলনের অনুপ্রেরণা। তিনি বলেন, ‘আমাদের সেনাবাহিনী গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি রক্ষায় সেনাবাহিনী সুনাম কুড়াচ্ছে। দেশে নিজেদের সুনাম রক্ষার স্বার্থে কল্পনা চাকমা অপহরণ ঘটনার রহস্য উন্মোচনের দায়িত্ব রয়েছে সেনাবাহিনীর। কারণ, সেই ঘটনার সঙ্গে একজন সেনা কর্মকর্তার নাম জড়িয়ে গেছে।’
পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা বলেন, কল্পনা চাকমা অপহরণকারীদের শাস্তি হলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটত না। বিচারহীনতার সংস্কৃতি নারী নির্যাতন ও ধর্ষণকারীদের উৎসাহিত করছে।
পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সহসভাপতি সোনমুখী চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের নেতা পুলক চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক দীপা চাকমা প্রমুখ।