প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, বিচার অঙ্গনে জজ ও আইনজীবীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সমন্বয় থাকতে হবে। কুমিল্লা বারে ওই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে এই সমন্বয় প্রয়োজন।গতকাল সোমবার বিকেলে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বিকেলে আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির সভাপতি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা ও দায়রা জজ এ আর মাসউদ, ভারপ্রাপ্ত সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম ফারুক, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. ইসমাইল হোসেন, আবদুল জলিল, জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমিল্লার সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সৈয়দ নূরুর রহমান। এ সময় কুমিল্লার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. তাজুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আইনজীবীরা কুমিল্লা আইনজীবী সমিতি ভবনকে ১২ তলা করা, বিচারকসংকট দূর করাসহ কয়েকটি দাবি জানান।নোয়াখালী অফিস জানায়, এর আগে প্রধান বিচারপতি নোয়াখালী জেলা আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সময় তিনি আইনজীবীদের উদ্দেশে মামলা দীর্ঘায়িত না করার অনুরোধ জানান। প্রধান বিচারপতি দরিদ্র জনগোষ্ঠী যেন অহেতুক হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ রাখতে জজ ও আইনজীবীদের প্রতি আহ্বান জানান। তিনি বিচারালয়ের সমস্যা সমাধানের অঙ্গীকার করেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি এ বি এম জাকারিয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।