ন্যায়বিচার চান এসিডদগ্ধ ডলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীর দাবি অনুযায়ী দরিদ্র বাবার কাছ থেকে যৌতুকের টাকা এনে দিতে পারেননি গৃহবধূ ডলি আক্তার (২০)। এ জন্য তাঁকে তালাক দিয়েছেন স্বামী মনির উদ্দিন। তালাক দিয়ে ক্ষান্ত হননি তিনি। অভিযোগ উঠেছে, এসিড ছুড়ে তিনি ডলির শরীর ঝলসে দিয়েছেন। এ ঘটনায় করা মামলায় মনিরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এসিডদগ্ধ ডলি ও তাঁর পরিবারের অপেক্ষা এখন ন্যায়বিচারের জন্য। ডলির বাবার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দুগাছিয়া গ্রামে। ২০০৫ সালের ১২ এপ্রিল উপজেলার উত্তর লামকাইন গ্রামের সৌদিআরব প্রবাসী মনির উদ্দিনের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের তিন-চার মাস পর বিদেশ চলে যান মনির। কিন্তু ছয় মাস পরই তিনি আবার ফিরে আসেন। ২০০৭ সালের মাঝামাঝি আবার বিদেশ যেতে তাঁর কাছে দেড় লাখ টাকা যৌতুক দাবি করেন মনির। ডলির অভিযোগ, যৌতুক না দেওয়ায় ২০০৮ সালের ৭ জুন স্বামী তাঁকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেন। একই বছরের ২২ আগস্ট তাঁকে তালাক দেওয়া হয়। কিন্তু দেনমোহরের এক লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করেননি। তালাকের ১১ দিন পর তাঁকে এসিডে ঝলসে দেওয়া হয়। এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর মনির উদ্দিন, তাঁর ভাই মানিক ও মামা আ. ছালাম মাস্টারসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে এসিড অপরাধ দমন আইনে মামলা করেন ডলির বাবা।২০০৮ সালের ১৬ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বর্তমানে জেলা দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এ বিচারাধীন। বাদী পক্ষের আইনজীবী আবুল কাশেম মুসা বলেন, ‘মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। আশা করছি, শিগগিরই মামলার রায় ঘোষণা করা হবে।’এসিডে ডলির মুখের বাম পাশ, বাম চোখ, ঘাড় ও গলাসহ শরীরের বাম পাশের বিভিন্ন অংশ ঝলসে গেছে। দীর্ঘদিন চিকিৎসা নিয়েও পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। এখনো তাঁর চিকিৎসা চলছে। এ অবস্থায় গত ১৩ এপ্রিল তাঁর বাবা মারা যান। এতে আরও অসহায় হয়ে পড়েছেন ডলি। ডলির চাচা আবদুল কাদের জানান, ডলির চিকিৎসা আর মামলার খরচ চালানোর জন্য নিজের শেষ সম্বল ৫৬ শতক জমি বন্ধক দিয়ে প্রায় দেড় লাখ টাকা ধার করেছিলেন ডলির বাবা। ডলির মা হোসনা খাতুন বলেন, এমনিতেই তাঁরা ঋণের ভারে জর্জরিত। এ অবস্থায় ডলির চিকিৎসা ও মামলা পরিচালনা করা তাঁদের পক্ষে বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে।ডলি বলেন, তাঁর ছোট চার ভাই-বোন পড়াশোনা করছে। তাদের পড়াশোনার খরচ চালানোসহ গোটা পরিবারের দায়িত্ব এখন অনেকাংশেই তাঁর ওপর। এ ছাড়া চিকিৎসার জন্য তাঁকে মাঝেমধ্যে ঢাকায় এসিড সারভাইভারস ফাউন্ডেশনে যেতে হয়। ঢাকায় যাতায়াত, চিকিৎসা ও মামলার খরচ চালাতে গিয়ে তিনি হিমশিম খাচ্ছেন।গফরগাঁও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোসেন বলেন, ডলির পরিবার দরিদ্র ও অসহায়। অন্যদিকে ছেলেপক্ষ এলাকায় প্রভাবশালী হওয়ায় ডলির পরিবার বেশ চাপে আছে।গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান জানান, মনিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।