ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা সামিউনের পরিবারের
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত সন্দেহে বাংলাদেশে আটক হওয়া একজন ব্রিটিশ নাগরিকের ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন তাঁর স্ত্রী। খবর দ্য গার্ডিয়ান পত্রিকার।
যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকাটির খবরে বলা হয়, স্ত্রী ফাতিমা রহমানের (২৬) অভিযোগ, আটকাবস্থায় সামিউনকে নির্যাতন করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সাজানো সাক্ষীদের দিয়ে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।
ফাতিমা বলেন, পরিবারের কাউকেই সামিউনের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। কেবল ঢাকায় ব্রিটিশ দূতাবাসের কর্মকর্তাদের মাধ্যমেই তাঁরা সামিউনের বিষয়ে খোঁজ-খবর পাচ্ছেন।
সামিউন রহমান (২৫) নামের ওই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে আটক হন। লন্ডনে ট্যাক্সিক্যাব সার্ভিসের নিয়ন্ত্রক হিসেবে কাজ করা সামিউন পরিবারের সঙ্গে দেখা করতে আসার পর পুলিশ তাঁকে আটক করে। পুলিশের ধারণা, তিনি আইএস ও আল-কায়দার সন্দেহভাজন সদস্য সংগ্রাহক। তবে এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনা হয়নি।