প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, বিচার অঙ্গনে বিরাজমান সমস্যা নিরসন এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবী ও বিচারকদের যৌথ ভূমিকা পালন করতে হবে। আইনজীবী ও বিচারক উভয় পক্ষ যদি দায়িত্ব পালনকালে সংবেদনশীল, সহনশীল ও ধৈর্যশীল হয়, তা হলে এ দেশের অসহায় সাধারণ মানুষ সুবিচার পাবে। তিনি গতকাল বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।প্রধান বিচারপতি মূল্যবোধ ধরে রাখার আহ্বান জানিয়ে আইনজীবী ও বিচারকদের লেখাপড়ার পাশাপাশি যথাযথভাবে দায়িত্ব পালনের তাগিদ দেন।জেলা আইনজীবী সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা ও দায়রা জজ আ ম ম আবু সাঈদ, জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মো. রেজাউল আলমসহ বিচারবিভাগীয় কর্মকর্তা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।প্রধান বিচারপতি বিচারক ও এজলাস-সংকটের কথা উল্লেখ করে এসবের সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।