ন্যায়বিচার নিশ্চিত করতেই বিধিমালা সংশোধন হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিবন্ধক ও মুখপাত্র মো. শাহিনুর ইসলাম বলেছেন, স্বচ্ছ ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য ট্রাইব্যুনালের বিধিমালায় সংশোধনী আনা হয়েছে। এ সংশোধনীর বিষয়ে প্রতিক্রিয়া জানানোর নামে বিভ্রান্তি সৃষ্টি কারোরই কাম্য নয়।শাহিনুর ইসলাম গতকাল বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ডেকে বলেন, ট্রাইব্যুনাল আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধের বিচারের জন্য গঠিত একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। কার্যপ্রণালি বিধিমালায় যেসব সংশোধনী আনা জরুরি ছিল, তা আনা হয়েছে। তিনি আরও বলেন, বিধিমালা সংশোধন নিয়ে গত মঙ্গলবার প্রতিক্রিয়া জানানোর সময় অসৌজন্যমূলক কথা বলা হয়েছে। মত প্রকাশের নামে এ ধরনের কথা শিষ্টাচারবহির্ভূত।নিবন্ধক (রেজিস্ট্রার) বলেন, ওই প্রতিক্রিয়া জানানোর সময় বলা হয়েছে ‘একই মুখে দুই কথা বলবেন না। সভ্য আচরণ করুন’। তিনি আরও বলেন, নিজস্ব মত প্রকাশের অধিকার সবার আছে, কিন্তু তা কোনোভাবেই শিষ্টাচার ও মাত্রাজ্ঞান অতিক্রম করে আগ্রাসী ভঙ্গিতে নয়।মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর নেতাদের আইনজীবীরা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সংশোধিত বিধিমালা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।অভিযোগ আমলে নেওয়ার শুনানি আজ: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়ার বিষয়ে আজ বৃহস্পতিবার শুনানি হবে। ১১ জুলাই তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে ট্রাইব্যুনাল আজ শুনানির দিন ধার্য করেন।