ন্যায়বিচার নিশ্চিত করার দায়িত্ব বিচারক ও আইনজীবীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার দায়িত্ব বিচারক ও আইনজীবীদের। গতকাল বুধবার বিকেলে সাতক্ষীরা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা আইনজীবী সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধান বিচারপতি বলেন, বার ও বেঞ্চ এক ও অভিন্ন। এ দুই প্রতিষ্ঠান সুসম্পর্ক রেখে বিচারকাজে সহযোগিতা করলে সাধারণ মানুষ অবশ্যই ন্যায়বিচার পাবে। উভয় প্রতিষ্ঠানকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। বিচারব্যবস্থাপনার সংকট সমাধানে দরকার সহযোগিতা।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ আবুল হোসেন খান, আইনজীবী সমিতির সাবেক সভাপতি গোলাম মোস্তফা ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি এস এম হায়দার। এতে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আশরাফুল ইসলাম, সাতক্ষীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রেজানুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরীফউদ্দিন আজাদ ও মুখ্য বিচারিক হাকিম এ এইচ এম শামছুল আরেফীন। প্রধান বিচারপতি বলেন, সাধারণ মানুষ আইনজীবী ও বিচারকদের কাছ থেকে ন্যায় ও সত্য প্রত্যাশা করে। সঠিক বিচার নিশ্চিত করতে সবার আগে দরকার বার ও বেঞ্চের সুসম্পর্ক। তিনি আইনজীবী ও বিচারকদের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।খুলনা অফিস জানায়, গতকাল খুলনা জেলা আইনজীবী সমিতিও প্রধান বিচারপতির জন্য সংবর্ধনার আয়োজন করে। জেলা আইনজীবী সমিতির হলরুমে ওই সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান বিচারপতি জানান, বাংলাদেশের বিচারব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করে যাবেন। আইনজীবী সমিতির জন্য সম্ভব সবকিছু করার চেষ্টা করা হবে। ধনী-দরিদ্র সবাই যেন বিচারব্যবস্থার সুফল সমানভাবে পায়, তার জন্য চেষ্টা করবেন। খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম মোস্তফা ফারাজীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন খুলনা জেলা ও দায়রা জজ আশীষ রঞ্জন দাস, সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।বক্তারা বলেন, ‘স্বাধীন বিচারব্যবস্থা প্রবর্তিত হলেও সাধারণ জনগণের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। সাধারণ মানুষের যাতে বিচারব্যবস্থার ওপর থেকে বিশ্বাস উঠে না যায়, তার ব্যবস্থা আমাদের সবাইকেই করতে হবে।’