ন্যায়বিচার প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে হবে: স্যালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন মানবাধিকারকর্মী স্যালি উইলোবি বলেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। গতকাল রোববার মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিজয়ের ৪০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে দুই দিনব্যাপী ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেক্টর কমান্ডারস ফোরামের আমন্ত্রণে বাংলাদেশ সফররত স্যালি উইলোবিকে গতকাল মুক্তিযুদ্ধ জাদুঘর সম্মানিত করে।আবেগাপ্লুত স্যালি বলেন, তিনি ভাবতেও পারেননি, ৪০ বছর আগে যে দেশের জন্য তিনি অহিংস আন্দোলন করেছিলেন, সে দেশে তিনি আসতে পারবেন। নতুন প্রজন্ম সে সময়কার ইতিহাস শুনবে। তিনি বলেন, গণহত্যা, অন্যায়-অত্যাচার রোধে একজন একজন করে একপর্যায়ে অনেকে মিলে তাঁরা কাজ করেছেন।জাদুঘরের অন্যতম ট্রাস্টি জিয়াউদ্দীন তারিক আলী বলেন, ‘সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধাপরাধীদের বিচার হওয়া দরকার, কাউকে দোষী করার জন্য নয়। পূর্ব পাকিস্তানের মানুষ মানবাধিকারবঞ্চিত ছিল বলেই আন্দোলনে নেমেছিল। যুদ্ধাপরাধীদের বিচার হলে যারা অত্যাচারিত হয়েছিল, তারা কিছুটা স্বস্তি পাবে।’তারিক আলী আরও বলেন, বাংলাদেশের ইতিহাস নিয়ে স্কুল-কলেজপড়ুয়া ছাত্ররা যত ভালো জানে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ততটা জানে না। তারা অনেকটা সময় ইতিহাসবঞ্চিত ছিল।অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ও সদস্যসচিব মফিদুল হক স্যালি উইলোবি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর অবদান সম্পর্কে উল্লেখ করেন।মফিদুল হক বলেন, স্যালি উইলোবি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছেন, তা অবিস্মরণীয়। বাল্টিমোর থেকে অস্ত্র বোঝাই করে বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়া জাহাজকে প্রতিহত করে তিনি ও তাঁর সহকর্মীরা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ওই জাহাজ থেকে যেসব বাঙালি কর্মী পাকিস্তান পক্ষ ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে সাগরে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাঁদের পুনর্বাসনের দায়িত্বও নিয়েছিলেন স্যালি ও তাঁর পরিবার।মুক্তিযুদ্ধ জাদুঘর স্যালি উইলোবির অন্য সহযোগী রিচার্ড টেলর, ফিলিস টেলর, ড. উইলিয়াম গ্রিনাউ, স্টক বিডেনকফ, জন ব্রক্সটন, ডেভিড হার্টসাও, জেন হার্টসাও, সুলতানা আলম, পিটার উড্রোসহ অন্যদের প্রতিও কৃতজ্ঞতা জানায়।আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ছাত্রছাত্রীরা।