ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হলে শুধু ব্যক্তিই নয়, গণতন্ত্রের বিকাশ বাধাগ্রস্ত হবে। বিচার বিভাগের ওপর জনগণ আস্থা হারাবে। গতকাল শনিবার রাজধানীতে আইন কমিশনের এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ এ কথা বলেন।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, বিচারকেরা গণতন্ত্র, দেশ ও জনগণের স্বার্থে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন। গণতন্ত্রের বিকাশ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার রক্ষায় বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, নির্বাহী বিভাগ, সংসদ ও বিচার বিভাগ রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। জনগণের মৌলিক অধিকার, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় এ তিনটি স্তম্ভের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমি মনে করি, জনগণ ও রাষ্ট্রের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে এসবের মধ্যে সমন্বয় বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। এ তিনটি স্তম্ভ একে অপরের ওপর নির্ভরশীল।’
বিনা বিচারে বা ভুল রায়ে অথবা কারাভোগের মেয়াদ শেষ হওয়ার পরও অনেক ব্যক্তিকে কারাগারে আটক থাকতে হয়। সংবাদপত্রে এ ধরনের খবর প্রকাশিত হয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সময়মতো পদক্ষেপ না নেওয়ার কারণে এ ধরনের ঘটনায় শুধু সংশ্লিষ্ট ব্যক্তি অথবা তার পরিবারই ক্ষতিগ্রস্ত হয় না, আইনের শাসনও ক্ষতিগ্রস্ত হয়। তাই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে।
আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি খায়রুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা; আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক; বাংলাদেশ জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক; জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক বিচারপতি খন্দকার মুসা খালেদ প্রমুখ বক্তব্য দেন।