ন্যায়বিচারের আশা ছাড়েনি তন্বীর পরিবার
খুলনার গৃহবধূ সারাহ ফারগুশান তন্বীর মৃত্যুর এক বছর পূর্ণ হচ্ছে আজ বৃহস্পতিবার। এ ঘটনায় করা মামলার এখনো তেমন কোনো অগ্রগতি হয়নি। তবে ন্যায়বিচারের আশা ছেড়ে দেননি তাঁর পরিবারের সদস্যরা।
তন্বীর মা সামিমা আখতার গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘মামলাটি সিআইডিতে আছে। দেরি হলেও ন্যায়বিচার পাওয়ার আশা এখনো ছেড়ে দিইনি। যতক্ষণ বিচার না পাব ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব।’ যেভাবে তদন্ত চলছে তাতে ন্যায়বিচার পাওয়ার আশা বাড়ছে বলে উল্লেখ করেন সামিমা আখতার।
গত বছরের ৭ এপ্রিল রাতে খুলনা নগরের নুরনগর এলাকায় সাবেক সাংসদ আবদুল গফ্ফার বিশ্বাসের বাড়িতে স্বামীর কক্ষ থেকে তন্বীর লাশ উদ্ধার করা হয়।
তন্বী আত্মহত্যা করেছেন বলে তাঁর শ্বশুরবাড়ির লোকজন দাবি করলেও তাঁর মা দাবি করেন, তাঁকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার চার দিন পর তিনি আদালতে মামলা করেন। ওই মামলায় তন্বীর স্বামী সোহেল বিশ্বাস ও ননদ ইতি বিশ্বাসকে আসামি করা হয়।
আদালত মামলাটি আমলে নিয়ে হত্যা মামলা হিসেবে থানায় রেকর্ড করে ২২ এপ্রিলের মধ্যে জানানোর জন্য খালিশপুর থানার ওসিকে নির্দেশ দেন। এরপর ৫ মে আদালতে সোহেল বিশ্বাসকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় পুলিশ। তাতে সোহেল বিশ্বাসের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।
গত বছরের ৮ মে মুন্সিগঞ্জ থেকে সোহেল বিশ্বাসকে গ্রেপ্তার করে র্যা ব। ১১ মে বাদীপক্ষ অভিযোগপত্রের ব্যাপারে নারাজি দিলে আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেয়। বর্তমানে সোহেল বিশ্বাস উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।
তন্বী হত্যার তদন্ত করছেন খুলনার সিআইডি ইন্সপেক্টর শেখ শাজাহান। তিনি বলেন, ‘মামলাটি সঠিক পথেই এগোচ্ছে। আমরা লাশের ময়নাতদন্তকারী চিকিৎসকদের কাছে একটি চিঠি পাঠিয়েছি। ওই চিঠির উত্তর পেলেই দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিল করতে পারব।’