কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তে বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যার ছয় বছর পূর্ণ হলো আজ। বিএসএফের গুলিতে নিহত হওয়ার পর দীর্ঘ সময় কাঁটাতারে ঝুলে ছিল তার লাশ। ছয় বছর পেরিয়ে গেলেও নির্মম সেই হত্যার ন্যায়বিচার আজও পাওয়া যায়নি।
ফেলানী হত্যাকাণ্ডে করা মামলাটি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিশেষ আদালত গড়িয়ে এখন ভারতের সর্বোচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। আত্মস্বীকৃত খুনি বিএসএফের সদস্য অমিয় ঘোষকে দুবার নির্দোষ সাব্যস্ত করে বিএসএফের আদালত রায় দিলে ফেলানীর বাবা নুরুল ইসলাম ভারতের মানবাধিকার সংস্থা ‘মানবাধিকার সুরক্ষা মঞ্চের (মাসুম)’ সহায়তায় দেশটির সুপ্রিম কোর্টে একটি রিট করলে তা এই আদালত গ্রহণ করেছেন। ফলে এখনো ন্যায়বিচারের আশায় চেয়ে আছে ফেলানীর পরিবার।
নুরুল ইসলাম গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘ন্যায়বিচার এখন ভারতের সর্বোচ্চ আদালতের ওপর। আমি এখনো আশাবাদী ভারতের উচ্চ আদালতে ন্যায়বিচার পাব।’
ফেলানীর কথা মনে করে এখনো ডুকরে কেঁদে ওঠেন তার মা জাহানারা বেগম। সংসারের নানা দুঃখ-কষ্টের মধ্যেও দাবি করেন অমিয় ঘোষের সর্বোচ্চ শাস্তি। বলেন, ‘আমি চাই তাঁর সর্বোচ্চ শাস্তি যেন ভারতের আদালত নিশ্চিত করেন।’
বিচারকার্য নিয়ে কুড়িগ্রামের পিপি আব্রাহাম লিংকন বলেন, ‘বিএসএফের বিশেষ আদালতের বিচারক, আসামি ও বিচারকাজের সঙ্গে সংশ্লিষ্ট সবাই বিএসএফের সদস্য। ফলে সেখানে ন্যায়বিচার পাওয়া দুরূহ ছিল। মামলাটি ভিন্ন রাষ্ট্রের হওয়ায় এ মামলায় আপিলের সুযোগ আমাদের নেই। আপিল করতে হলে বিএসএফকেই করতে হতো।’
এই আইনজীবী বলেন, ‘বিএসএফ উচ্চ আদালতের দ্বারস্থ না হওয়ায় ফেলানীর বাবা ও একটি মানবাধিকার সংগঠন যৌথভাবে উচ্চ আদালতে রিট পিটিশন করেন। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রিটটি গ্রহণ করেছেন। আমরা আশা করি, সুপ্রিম কোর্ট ন্যায়বিচার নিশ্চিত করবেন।’
২০১১ সালের ৭ জানুয়ারি সীমান্তে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় কিশোরী ফেলানীকে। বিএসএফ ১৮১ ব্যাটালিয়নের চৌধুরীহাট ক্যাম্পের সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত ফেলানীর মরদেহ সীমান্তের কাঁটাতারে চার ঘণ্টা ঝুলে থাকে। ঝুলে থাকা লাশের ছবি দেশ-বিদেশের গণমাধ্যমে সমালোচনার ঝড় তোলে। একপর্যায়ে বাংলাদেশের দাবির মুখে ২০১৩ সালের ১৩ আগস্ট ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ আদালতে ফেলানী হত্যার বিচার শুরু হয়। ওই বছর ৬ সেপ্টেম্বর অমিয় ঘোষকে বেকসুর খালাস দেন আদালত।
এ রায়ে আবার সমালোচনার ঝড় উঠলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে রায় পুনর্বিবেচনার জন্য ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর পুনর্বিচার কার্যক্রম শুরু করেন বিএসএফের আদালত। এবারও অমিয় ঘোষকে নির্দোষ সাব্যস্ত করে রায় হয়।