ন্যায়বিচারের পক্ষে রায় দিয়েছেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এলজিআরডি ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মুহাম্মদ ইউনূসের রিটের রায়ের প্রতিক্রিয়ায় বলেছেন, আদালত ন্যায়বিচারের পক্ষে রায় দিয়েছেন।গতকাল মঙ্গলবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এ কথা বলেন। রায়ের বিস্তারিত জেনে পরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন বলে জানান তিনি।সৈয়দ আশরাফ এ প্রসঙ্গে আরও বলেন, বিষয়টি আদালত পর্যন্ত নেওয়ার প্রয়োজন ছিল না। ড. ইউনূস নিজেই এটি আদালতে নিয়ে গেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাস করে। বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে।অবসর গ্রহণ বিধি ভঙ্গের দায়ে গ্রামীণ ব্যাংকের নির্বাহী পরিচালকের পদ থেকে অব্যাহতির বিরুদ্ধে ড. ইউনূসের দুটি রিট আবেদন গতকাল মঙ্গলবার খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার অভিযোগ-সম্পর্কিত প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, আদালত তো সেটা মনে করেন না।দলের সাংগঠনিক বিষয়ে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, ‘আওয়ামী লীগ অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। বিভাগীয় মহাসমাবেশ যথাসময়ে অবশ্যই হবে বলে তিনি জানান।সম্পাদকমণ্ডলীর বৈঠকে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচির কিছুটা সংশোধন করা হয়।১৭ মার্চের কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধু ভবন এবং দলীয় সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সাতটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। সকাল ১০টায় টুঙ্গীপাড়ায় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং পরে মিলাদ মাহফিল। দুপুরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী। ১৮ তারিখে ঢাকায় আলোচনা সভা হবে। এ ছাড়া প্রধানমন্ত্রী গণভবনে শিশু সমাবেশে বক্তৃতা দেবেন।২৬ মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচিতে রয়েছে ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সাতটায় জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ। আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবে। ২৭ মার্চ বিকেলে রয়েছে আলোচনা সভা।সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন মাহবুব উল আলম হানিফ, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, এইচ এন আশিকুর রহমান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, মিজবাহউদ্দিন সিরাজ, আ হ ম মোস্তফা কামাল, ফরিদুন্নাহার লাইলী, বদিউজ্জামান ভূঁইয়া, অসীম কুমার উকিল ও মৃণাল কান্তি দাস।