ন্যায়বিচারের 'ন্যায়' শব্দটিই নির্বাসনে
তৃণমূলের জনগণ অধিকার সম্পর্কে সচেতন নন। আইনি সেবা পাওয়ার বিষয়ে তাদের কাছে নেই পর্যাপ্ত তথ্য। বিচার প্রক্রিয়ায় বিচারকস্বল্পতা, দীর্ঘসূত্রতাসহ নানান সমস্যায় জনগণ বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারাচ্ছে। ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে তাদের বঞ্চনার প্রধান কারণ ‘ন্যায়’ শব্দটিকেই নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এসব কারণে ন্যায়বিচারপ্রাপ্তি চ্যালেঞ্জের মুখে পড়েছে।
আজ সোমবার প্রথম আলো আয়োজিত ‘তৃণমূলে ন্যায়বিচার লাভের জন্য আইনি ক্ষমতায়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আলোচকেরা এসব কথা বলেন।
বেসরকারি সংগঠন ব্রতী সমাজকল্যাণ সংস্থার সহায়তায় কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
বৈঠকে আইন কমিশনের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর সামাজিক বাস্তবতার কথা উল্লেখ করে বলেন, গ্রামে কিছু ‘টাউট’ শ্রেণির জন্ম হয়েছে। তারা মূলত ছোটখাটো অপরাধের সঙ্গে কঠিন অপরাধ যোগ করে সবাইকে আদালত পর্যন্ত নিয়ে যায়। তিনি বলেন, বাংলাদেশে এক লাখ ৫০ হাজার মানুষের বিপরীতে বিচারক আছেন ১ জন। ২৬ লাখ মামলা বিচার করবেন ১ হাজার ৩০০ বিচারক-এটা কল্পনা করা যায়?
ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বঞ্চনার প্রধান কারণ ‘ন্যায়’ শব্দটিকেই নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। তিনি বলেন, বর্তমান সমাজে বৈষম্য বাড়ছে। জনগণ অজনগণে রূপান্তরিত হয়েছে। এ ক্ষেত্রে কিসের অধিকার, কিসের ন্যায়বিচার, সবকিছুই অবান্তর হয়ে যায়। আর অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া অন্য কোনো ক্ষমতায়নই সম্ভব না।
গোলটেবিল বৈঠকে যুক্তরাজ্য সরকারের অর্থায়নে কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রোগ্রামের সহায়তায় পরিচালিত ব্রতীর আইনি সেবা প্রকল্প ‘প্রোটেকটিং দি ভালনারেবল থ্রো কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রজেক্ট’ এর অভিজ্ঞতা তুলে ধরেন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টরা। ব্রতীর প্রকল্প সমন্বয়কারী শশাঙ্ক বরণ রায় জানান, ব্রতী পরিচালিত আইনি সেবা প্রকল্পটিতে ১৪০টি গ্রামে তরুণদের স্বেচ্ছাসেবক দলের সদস্য ১ হাজার ৪০০ জন। ২৮টি ইউনিয়নে প্রতি মাসে লিগ্যাল এইড ক্লিনিক পরিচালনা করা হচ্ছে। ১০৫টি বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
ব্রতীর প্রধান নির্বাহী শারমীন মুরশিদ বলেন, তৃণমূল পর্যায়ে রাষ্ট্রীয় বা যে কাঠামোর মাধ্যমে আইনি সেবা দেওয়া হয় তা জনগণের দোরগোড়ায় পৌঁছায় না।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফাওজিয়া করিম ফিরোজ বলেন, বিরোধ মীমাংসার জন্য আরবিট্রেশন কাউন্সিলকে কার্যকর করতে হবে। এ কাউন্সিল কার্যকর হলে অনেক বিষয়েই জনগণকে আদালত পর্যন্ত যেতে হতো না।
রিসার্চ ইনিশিয়েটিভস, বাংলাদেশের (রিইব) নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা বলেন, ন্যায়বিচার প্রাপ্তিতে সরকারের তথ্য অধিকার আইনকে কাজে লাগানো হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ হাফিজুর রহমান বলেন, গ্রামের সালিসে ভুক্তভোগী নারীকে কথা বলতে দেওয়া হয় না। এসব জায়গায় জ্যেষ্ঠ ব্যক্তিদের পরিবর্তে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত ‘চ্যাংরা’ ছেলেরা ঢুকে পড়েছে। ফলে মানুষের আস্থা কমে যাচ্ছে।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট-ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন বলেন, আইনটি যাঁরা বাস্তবায়ন করবেন তাঁরাই আইনগুলো সম্পর্কে অবগত নন। ভুক্তভোগীরা তো আইন সম্পর্কে জানতেই পারছে না।
নওগাঁর নিয়ামতপুরের ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য এবং ব্রতীর স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা নকুল রবিদাস জানালেন, আগে তাঁর গ্রামের মানুষ নেশা করত। নেশার কারণে নারী নির্যাতনের পরিমাণও ছিল বেশি।
ব্রতীর স্বেচ্ছাসেবক রিপন সরকার বলেন, আগে এলাকার মানুষ আইন বলতেই ভয় পেত। ভাবত আইন মানেই টাকা-পয়সা, পুলিশ, আদালত। এখন এ ভয়টা কেটে গেছে।
কমিউনিটি লিগ্যাল সার্ভিসেসের ডেপুটি টিম লিডার ফাতেমা রশিদ হাসান জানালেন, এলাকার মানুষ জানে কোনো অপরাধ সালিসযোগ্য আর কোনটি সালিসযোগ্য না। এটি একটি বড় অর্জন।
কমিউনিটি লিগ্যাল সার্ভিসেসের টিম লিডার জেরোম সায়রে বলেন, সরকারের পক্ষে যে কাজগুলো করা সম্ভব হচ্ছে না সেসব জায়গায় এনজিওগুলো কাজ করছে। এ ক্ষেত্রে সাফল্যও এসেছে।
ব্রতীর প্যানেল আইনজীবী মাহমুদ হাসান জানালেন, ব্রতীর প্রকল্পে লিগ্যাল এইড ক্লিনিকের মাধ্যমে জনগণকে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। বিভিন্ন আইন সম্পর্কে সচেতন করা হচ্ছে। কেউ মামলা করতে চাইলে তাতে আইনি সহায়তা দেওয়া হচ্ছে।