সাংবাদিক ও সাহিত্যিকেরা বলেছেন, ন্যায়বোধ জাগিয়ে তুলতে বিতর্ক জরুরি। নিয়ম ভেঙে নতুন নিয়ম তৈরি করা যায় শুধু বিতর্কের মাধ্যমে। গতকাল শুক্রবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ষষ্ঠ জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন। বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফেডারেশন এ উৎসবের আয়োজন করে। গতকাল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ উৎসব শুরু হয়। এতে সংসদীয়, আঞ্চলিক, রম্য ও বিতর্ক কর্মশালা হচ্ছে। এবারের বিতর্ক উৎসবের স্লোগান: ‘যুক্তিই হোক মুক্তির শুক্লপক্ষ’। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় দুই হাজার বিতার্কিক এতে অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ভালো বিতার্কিকেরাই সুন্দর একটি দেশ গড়ে তুলতে পারেন।সাহিত্যিক আনিসুল হক বলেন, আলোকিত বাংলাদেশ গড়তে প্রতিটি জেলা-উপজেলায় বিতর্কের আলো ছড়িয়ে দিতে হবে। বিতর্ক উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। অনুষ্ঠানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে জাতীয় বিতর্ক উৎসবের (এনডিএফ) পক্ষ থেকে আজীবন সম্মাননা ২০১২ দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান এ কে এম শোয়েব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত।