ন্যায়ানুগ সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তি ও ন্যায়ানুগ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকাকে ২০১২ সালের জন্য ইসলামি সংস্কৃতির রাজধানী ঘোষণা উদ্যাপনে বর্ষব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। গতকাল শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর বাসসের।ইসলামিক এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইএসইএসসিও) ঢাকাকে চলতি বছরের জন্য ইসলামি সংস্কৃতির এশীয় অঞ্চলের রাজধানী হিসেবে ঘোষণা করে। তথ্য এবং সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইএসইএসসিওর মহাপরিচালক আবদুল আজিজ ওথমান আলতওয়াইজরি সম্মানিত অতিথি এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন মন্ত্রীর সাক্ষাৎ: যুক্তরাষ্ট্রের নৌবাহিনীবিষয়ক মন্ত্রী রে মেবাস গতকাল বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দুই দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর শেখ হাসিনা ও রে মেবাস গুরুত্ব আরোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন এবং বিশেষ সহকারী আবদুস সোবহান।